বাঙালি সংগঠনগুলোর শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহার
পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) রাঙামাটি সফর প্রতিহত করতে বাঙালিদের ছয়টি সংগঠনের ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অবরোধকারী বাঙালি সংগঠনগুলো শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাঙামাটি শহরে তেমন কোনো যানবাহন বের হয়নি। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। অপর দিকে অবরোধকারীরা চট্টগ্রাম-রাঙামাটি ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সংযোগস্থল মানিকছড়ি সেতু এলাকা এবং রাঙামাটি শহরের প্রবেশমুখ বাংলাদেশ বেতারকেন্দ্র এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এ সময় চট্টগ্রাম ও ঢাকা থেকে আসা বেশ কিছু যানবাহন আটকে পড়ে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সভাপতি পেয়ার আহম্মেদ খান বলেন, ‘আমরা ইতিমধ্যে শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহার করেছি। সিএইচটি কমিশন তাদের রাঙামাটি সফর বাতিল করলে আজ শনিবার অবরোধ প্রত্যাহার হবে। আর তারা আসতে চাইলে অবরোধ চলবে।’
রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম অবরোধকারী সংগঠনগুলোর শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবরোধে কোনো ঘটনা ঘটেনি। জেলার সব খানে শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের নেতৃত্বে সিএইচটি কমিশনের একটি দল বর্তমানে খাগড়াছড়ি জেলায় রয়েছে। গতকাল তাদের রাঙামাটি আসার কথা ছিল। পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ছয়টি সংগঠন সিএইচটি কমিশনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ তোলে। সিএইচটি কমিশনের রাঙামাটি সফর প্রতিহত করতে বাঙালি সংগঠনগুলো রাঙামাটিতে ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করে।