বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেছেন, বাঙালিকে তার শিকড় খুঁজে বের করতে হবে। যদি এ অবহেলা থেকে যায়, তবে তা হবে আত্মঘাতী কাজ।
গতকাল শুক্রবার বিকেলে শারমিন আহমেদের লেখা তাজউদ্দীন আহমেদ: নেতা ও পিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম নগরের জামাল খান প্রেসক্লাব ভবনে বই বিপণিকেন্দ্র ‘বাতিঘর’-এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য ও বাতিঘর। ব্যারিস্টার আমীর-উল ইসলাম আরও বলেন, লেখক তাঁর অতুলনীয় ও অসাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে পিতাকে খুঁজতে গিয়ে ইতিহাসকে আবিষ্কার করেছেন, নিজেকে আবিষ্কার করেছেন।
প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম। অতিথি ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধুর সহযোগী গোলাম মোরশেদ ও লেখক শারমিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকাশক আরিফুর রহমান নাঈম। তাজউদ্দীন আহমেদ: নেতা ও পিতা গ্রন্থের লেখক শারমিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘আমি তরুণ বয়সে দেশের বাইরে চলে গিয়েছি। বেশির ভাগ সময় কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবাকে নিয়ে লেখার তাড়নাটা বোধ করতাম না, যদি না দেশে ফিরে দেখতাম তাজউদ্দীন আহমেদ ইতিহাস থেকে বিলীন হয়ে গেছেন। নিজেকে জানা, বাবাকে খোঁজা ও চেনার চেষ্টা থেকে বইটি লিখেছি।’