সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের ভাষা, সংস্কৃতি, দুঃখ ও বেদনা বোঝার চেষ্টা না করে তাদের উন্নতি করা যাবে না। বাঙালিদের কর্তব্য হচ্ছে, বাংলাদেশে যারা বাঙালি নয়, তাদেরকে জানা।
গতকাল রোববার ‘বাংলাদেশের চা-শ্রমিক এবং স্বল্প-পরিচিত জাতিসত্তাসমূহের ওপর মানচিত্রায়ণ, গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুর রহমান এ কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এই সেমিনারের আয়োজন করে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহায়তার ক্ষেত্রে রাষ্ট্রের নানা নিরাপত্তা কর্মসূচি আছে। এসব কর্মসূচির সুফল ক্ষুদ্র জাতিসত্তার মানুষ কতটুকু পাচ্ছে, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে।
দিনব্যাপী এই সেমিনারে ২৫টি ভাষাভাষীর ৪২টি ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন ও ইকো কো-অপারেশনের আর্থিক সহায়তায় তিন বছর মেয়াদি গবেষণা প্রকল্প শুরু করেছে সেড। এতে ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় ও ভৌগোলিক অবস্থান নির্ণয় এবং চা-শ্রমিকদের পরিস্থিতি জানার চেষ্টা করা হবে।
সেমিনারের শুরুতে সেডের পরিচালক ফিলিপ গাইন বলেন, ‘চা-বাগান থেকে বেরিয়ে যেতে তাঁর (চা-শ্রমিকের) মানা নেই। কিন্তু তাঁর যাওয়ার কোনো জায়গা নেই। তিনি ভূমিহীন, সম্পদহীন, এবং শিক্ষায় পিছিয়ে।’ তিনি বলেন, তিন বছর আগে চা-শ্রমিকের দৈনিক মজুরি ছিল সাড়ে ৩২ টাকা। বর্তমানে ৬৯ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউল্যাবের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকায় ইইউ দূতাবাসের সহযোগিতাবিষয়ক প্রধান ফিলিপ জ্যাকস, ইকো কো-অপারেশনের এ দেশীয় প্রতিনিধি লিওনার্ড জেলেস্ট্রা প্রমুখ বক্তব্য দেন।