বাঙালিদের ডাকে রাঙামাটিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল
রাঙামাটির বরকলে নিখোঁজ পাঁচ বাঙালি জেলে উদ্ধার, জেলা প্রশাসন কার্যালয় ভাঙচুরে জড়িত সন্দেহে আটক ১৬ জনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার এবং বাঘাইছড়িতে আবদুস সাত্তারের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাঙালিদের তিনটি সংগঠন আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপা এলাকায় সংগঠন তিনটি হরতালের সমর্থনে মিছিল করেছে।গত ৪ ডিসেম্বর রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী তাগলকবাগ এলাকার কর্ণফুলী নদী থেকে পাঁচ বাঙালি জেলে গভীর রাতে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও বাঙালিদের অভিযোগ, আদিবাসী সন্ত্রাসীরা ওই পাঁচজনকে অপহরণ করেছে।নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের দাবিতে বরকল থেকে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিতে এসে গত রোববার একদল বাঙালি রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৪ ডিসেম্বর রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় আবদুস সাত্তার নামের এক মোটরসাইকেলের চালক খুন হন।পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সভাপতি পেয়ার আহমদ জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার, গ্রেপ্তার হওয়া ১৬ জনের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং আবদুস সাত্তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও সমঅধিকার ছাত্র আন্দোলন যৌথভাবে আজকের সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।