বাঙালিদের সমস্যার কথা শুনলেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেস্তোরাঁ ব্যবসায় কর্মী-সংকটসহ নানা সমস্যা নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন বাঙালি কমিউনিটির নেতারা। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের মার্গারেট থ্যাচার কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
রেস্তোরাঁ ব্যবসায় কর্মী-সংকটসহ নানা সমস্যা নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন বাঙালি কমিউনিটির নেতারা। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের মার্গারেট থ্যাচার কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

রেস্টুরেন্ট ব্যবসায় কর্মী-সংকট, অভিবাসন নীতির ফলে সৃষ্ট সমস্যাসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যার কথা শুনলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত বৃহস্পতিবার বাঙালি কমিউনিটির নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে ক্যামেরন এসব সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের মার্গারেট থ্যাচার কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে নয় সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী। গতকাল শুক্রবার পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তাঁরা।
এনাম আলী বলেন, অভিবাসন নীতি ও কর্মী-সংকটের কারণে বাংলাদেশি রেস্তোরাঁগুলো যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা সমাধানে তিনি সরকারের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছিলেন। ওই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁদের সময় দিয়েছেন। তাঁরা জানান, অভিবাসন নীতির কারণে এ খাতে কর্মী-সংকটসহ নানা সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে একমত পোষণ করেন প্রধানমন্ত্রী। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট নীতিগুলো পুনরায় পর্যালোচনার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রশ্নে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চেয়েছেন ক্যামেরন। ক্যামেরন বলেন, তিনি চান যুক্তরাজ্য ইইউর সঙ্গেই থাকুক। এতে যুক্তরাজ্যের অর্থনীতি ও বৈশ্বিক প্রভাব অটুট থাকবে। আর ইইউ থেকে বেরিয়ে গেলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে রেস্তোরাঁ খাতে নেতিবাচক প্রভাব পড়বে, বাংলাদেশি সম্প্রদায়ের লোকেরা ক্ষতির শিকার হবেন। এসব বিষয়ে বাংলাদেশি সম্প্রদায়ের লোকদের সচেতন করে ইইউতে থাকার পক্ষে সমর্থন আদায়ে প্রচেষ্টা চালাতে অনুরোধ জানিয়েছেন ক্যামেরন।
প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহানুর খান, থেমস ভ্যালি গিল্ড অব বাংলাদেশি রেস্টুরেন্টার্সের প্রেসিডেন্ট আবদুল মোহাইমিন মিয়া, এশিয়াটিক লিমিডেটের পরিচালক শফিকুল ইসলাম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর বশির আহমদ, রেস্টুরেন্ট ব্যবসায়ী সানওয়ার চৌধুরী, শাহ জুলফিকার আলী, জাহাঙ্গীর হক প্রমুখ।