
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ঢুকলেই যেন দর্শনার্থীদের মুখের ভাষা হারিয়ে যায়। চোখেমুখে থাকে একধরনের বিহ্বলতা। কেউ কেউ সেই সিঁড়ির সামনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে ঘাতকের বুলেট বঙ্গবন্ধুকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। দেয়ালে এখনো বুলেটের দাগ লেগে আছে। বঙ্গবন্ধু, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রেহানার কক্ষের মধ্যে দর্শনার্থীরা যেন একনিশ্বাসে প্রদর্শিত বস্তু দেখছেন। জাদুঘর পরিদর্শনের পর দর্শনার্থীদের মনের কী অবস্থা হয়, তার নাগাল পাওয়া যায় দোতলার বারান্দায় রক্ষিত মন্তব্য খাতায়।
আদিব রহমান নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘তুমি আছ বাঙালির হৃদয়ে। তোমাকে নিঃশেষ করতে চেয়েছিল ঘাতকেরা, কিন্তু পারেনি।’ জাদুঘরের এক জায়গায় লুঙ্গি পরিহিত হাস্যোজ্জ্বল আটপৌরে বঙ্গবন্ধুর ছবি ঝোলানো আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হয়েও তিনি যে সাধারণ জীবন যাপন করতেন, এ ছবি দেখলে তা বোঝা যায়। বেগম মুজিবের ব্যবহৃত জিনিসপত্র দেখে বোঝা যায়, তিনিও স্বামীর মতো ছিলেন। এই বিষয়ে সাইফুল্লাহ্ ভূঁইয়া নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘রাষ্ট্রনায়ক হয়েও বঙ্গবন্ধু খুব সাদামাটা জীবন যাপন করতেন। আর খুব কম রাষ্ট্রপ্রধানই এ রকমভাবে জীবন কাটাতেন।’
বাঙালির ওপর অগাধ আস্থা ছিল বঙ্গবন্ধুর। সে কারণে তিনি রাষ্ট্র বা সরকারপ্রধান হওয়ার পরও একরকম অরক্ষিত জীবন যাপন
করতেন। গোয়েন্দা সংস্থা থেকে বারবার সতর্ক করে দেওয়া হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। পাপ্পু নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘বঙ্গবন্ধু, যে বাঙালিকে আপনি এত বিশ্বাস করতেন, সেই বাঙালিই আপনাকে হত্যা করল। বাঙালি বিশ্বাসঘাতকের জাতি’।
সাইদ খান নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘প্রতিদিন ভোরে যে সূর্যটা ওঠে, সেটি আমাকে বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়’। সে কারণেই হয়তো এই জাদুঘরে মানুষ বারবার ফিরে আসে। অক্ষর নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘এ নিয়ে ১০ বার আসলাম, আবারও অনেক কষ্ট নিয়ে ফিরে গেলাম’। ১৫ আগস্ট সকালে যখন রেডিওতে বঙ্গবন্ধুর হত্যার খবর প্রচারিত হলো, সেদিন অনেকেই তা বিশ্বাস করতে পারেননি। আব্দুস সালাম নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘১৫ আগস্ট খবরটা শুনে বিশ্বাস করতে পারিনি। চক্ষু-কর্ণের বিবাদ ঘোচাতে অনেক কষ্টে কলাবাগান পর্যন্ত এসেছিলাম, সেনা টহল দেখে ফিরে গিয়েছিলাম’। এই অবিশ্বাসের কারণেই হয়তো এখনো অনেকে বারবার জাদুঘরে ফিরে আসেন, আর চোখের পানি ফেলে ফিরে যান। আবার প্রথম এসেছেন এমন একজন দর্শনার্থীর খোঁজও পাওয়া গেল, তাঁর নাম আরিফা জান্নাতি। মন্তব্য খাতায় তিনি লিখেছেন, ‘এত দিন দূর থেকে দেখেছি, এবার জাদুঘর দেখে কষ্টটা অনুভব করতে পারলাম’।
জাদুঘরের নিচতলায় শিশু রাসেলের ছবিতে চোখ আটকে গেল, মনটা বিষাদে ছেয়ে গেল। এ অনুভূতি বোধ হয় সব দর্শনার্থীর। মন্তব্য খাতায় তার প্রতিফলন দেখা গেল। নিগার সুলতানা নামের এক দর্শনার্থী লিখেছেন, ‘কী অপরাধ করেছিল ফুলের মতো এই ফুটফুটে শিশুটি। তাকে কেন মারতে হলো’। এই প্রশ্নের উত্তর সবাই খুঁজে বেড়ায়।
শুধু বাঙালিরাই নয়, অনেক বিদেশি নাগরিকও জাদুঘর পরিদর্শনে আসেন, যাঁদের মধ্যে পাকিস্তানি নাগরিকও আছেন। মেহেরুন্নিসা ইব্রাহিম নামের এক পাকিস্তানি নাগরিক ইংরেজিতে যা লিখেছেন, তার বাংলা তরজমা দাঁড়ায় এ রকম: ‘১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী এ দেশে গণহত্যা চালিয়ে যে পাপ করেছিল, সেই পাপের বোঝা হালকা করতেই জাদুঘরে আসা’।
মৃণাল ভৌমিক নামের এক দর্শনার্থীর সঙ্গে কথা হলো। কেন এসেছেন জিজ্ঞাসা করতে তিনি বললেন, ‘১৯৭১ সালের শুরুর দিকে এ বাড়িটি বাঙালির স্বাধীনতা-চেতনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, ঢাকার সব রাস্তা যেন এখানে শেষ হতো। আজও তেমনি এ বাড়িটি বাঙালির আবেগের কেন্দ্র হয়ে উঠেছে।’
একটি জিনিস চোখে পড়ার মতো। অনেক মানুষই মন্তব্যের ঘরে লিখেছেন অন্নদাশঙ্কর রায়ের সেই দুটি চরণ: ‘যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান/ তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’। এটিই সবার মনের কথা।