বাঙালির চেতনায় মিশে আছেন তিনি

শহীদ আলতাফ মাহমুদ। স্বাধীন বাংলাদেশের একান্ত সত্তার সঙ্গে মিশে আছেন তিনি। থাকবেন চিরদিন বাঙালি জাতির চেতনা ও মর্মের সঙ্গে নিবিড় মমতায়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—এই চরণগুলো যত দিন থাকবে বাঙালির হৃদয়ে, তত দিন আলতাফ মাহমুদও থাকবেন।
গতকাল রোববার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত ‘শহীদ আলতাফ মাহমুদ পদক ২০১৫’ প্রদান অনুষ্ঠানে বক্তারা এভাবে আলতাফ মাহমুদকে স্মরণ করেন। এ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। ১৯৭১ সালের ৩০ আগস্ট হানাদার বাহিনী আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় এবং আজ অবধি তিনি ফিরে আসেননি।
এ বছর পদকপ্রাপ্ত প্রত্যেক গুণীকে একটি সম্মাননা স্মারক, উত্তরীয় ও ১০ হাজার টাকা প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেন আলতাফ মাহমুদের সহধর্মিণী সারা আরা মাহমুদ। সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর তিনি পদকপ্রাপ্তদের নিয়ে রচিত শংসাবচন পাঠ করেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘সৃজনশীল মানুষের মধ্যে যাঁরা আমাদের ছেড়ে চলে যান, তাঁদের অনেককেই তেমন স্মরণ করা হয় না। আবার কিছু কিছু সৃজনশীল মানুষ আছেন, যাঁদের প্রতিনিয়ত স্মরণ করি। এবং এই স্মরণ করাটাই আমাদের জীবন হয়ে ওঠে। শহীদ আলতাফ মাহমুদ তেমন এক নাম। সম্ভবত মুক্তিসংগ্রামের শুরু আছে, শেষ নাই। এই অন্তহীন সংগ্রামে শহীদ আলতাফ মাহমুদ আমাদের চলার সঙ্গী।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, একুশে ফেব্রুয়ারির গানটির যতটা না বাণীর জোর, তার চেয়েও বেশি এর সুরের জোর। একজন মানুষ সমগ্র জাতির কৃতজ্ঞভাজন হয়ে থাকবেন। এমন মানুষ খুবই কম। শহীদ আলতাফ মাহমুদ তেমন একজন।
সংগীত পরিচালক আলাউদ্দিন আলী বলেন, ‘বাংলার মাটিতে সবাই রয়েল বেঙ্গল টাইগার দেখেছেন, সিংহ দেখেননি। আমি একজন সিংহ দেখেছি। আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদের সঙ্গে যদি আমি কাজ না করতাম তাহলে আমি আলাউদ্দিন আলী হতে পারতাম না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী।