প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শতকোটি টাকা খরচ করে জাতীয় সংগীত গাইলে লাভ হবে না এবং গণ-অভ্যুত্থানে সরকারের বিদায় গিনেস বুকে উঠবে’—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া বাঙালির চেতনায় আঘাত করেছেন।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় সংগীতকে অবমাননা করেছেন। বাঙালির জাতিসত্তাকে পদদলিত করার অপচেষ্টা চালিয়েছেন।
সৈয়দ আশরাফ বিবৃতিতে আরও বলেন, কোনো ধরনের হুমকি-ধমকিতে বর্তমান সরকার ভীতসন্ত্রস্ত নয়। গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারকে হটিয়ে গিনেস বুকে নাম ওঠানোর স্বপ্ন বাংলার জনগণ কোনো দিন সফল হতে দেবে না।