বাঙালির পাতে আর কত দিন মাছ পড়বে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের মাঝ দিয়ে চলছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ l ছবি: জিয়া ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের মাঝ দিয়ে চলছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ l ছবি: জিয়া ইসলাম

১৭ মার্চ। কলকাতা থেকে জাহাজ ছাড়ল রাত সাড়ে নয়টায়। বলা হলো, সকাল সাতটা নাগাদ নামখানায় প্রথম থামা। সুন্দরবনের মৎস্যজীবীদের বেশ কয়েকটা সংগঠনের হর্তাকর্তারা আসবেন তাঁদের সমস্যা নিয়ে কথা বলতে। আমরা লাক্সারি ক্রুজ এমভি পরমহংসের ডেকে ছড়িয়ে-ছিটিয়ে আগামী তিন দিন সুন্দবনের জলজঙ্গলের দিবারাত্রির কাব্য কে কীভাবে দেখতে চাইছি, তা নিয়ে মশগুল। রাতের কলকাতা সর সর করে সরে সরে যাচ্ছে। জোয়ারের জল উঠছে দক্ষিণ থেকে। সেই টানে ফিরে আসছে সাগরের দিকে চলে যাওয়া নানা ভাসমান বর্জ্য। দেখছি আর ভাবছি, গঙ্গাও তাহলে সর্বগ্রাসী নয়। সাগরের মতো সে-ও ফিরিয়ে দিতে জানে।
মন খারাপের খবরটা এই সময়েই এল। জাহাজের কর্মীরা বিষণ্ন মুখে জানালেন, পরমহংসের কোথাও একটাও টিভি নেই। তাহলে? প্রায় আঁতকে উঠলাম আমরা সবাই। ক্রিকেট ম্যাচ দেখব কী করে? দুই দিন পরেই যে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলা? বাংলাদেশ থেকে এই সফরে সঙ্গী হয়েছেন জনা তেরো। ভারতকে হারাতে তাঁরা স্বপ্নের জাল বুনেছেন। সেই স্বপ্ন সাকার হলে আফসোসের সীমা থাকবে না। জীবনের একটা অধ্যায় যেন টুক করে খসে যাবে নিঃশব্দে। ক্রমশ নিকষ কালো হয়ে যাওয়া আকাশের দিকে তাকানো তাঁদের দৃষ্টিতে হতাশা ও বেদনার ছায়া পড়ল। পরমহংসের যাত্রী হলেও আমরা কেউই জীবনমুক্ত শুদ্ধচিত্ত নির্বিকার ও ব্রহ্মানন্দে ব্রহ্মচিন্তায় মগ্ন যোগী নই। আমরা ভালোমন্দে মেশানো আম-আদমি, যাদের রক্ত ও ধর্মে রয়েছে ক্রিকেট।
কলকাতা থেকে ফলতা, নূরপুর, রায়চক, ঘোড়ামারা হয়ে গঙ্গাকে ডান হাতে ছেড়ে দিয়ে বরতলা নদী বেয়ে হাতানিয়া-দোয়ানিয়ায় এসে পরমহংস নামখানায় নোঙর করল ভোরে। এখনো তেমন গরম পড়েনি। স্নিগ্ধ হয়ে রয়েছে এপাশে নামখানা, ওপাশে নারায়ণপুরের আকাশ-বাতাস। ভাটার টান শুরু হয়েছে। সেই টানে ভেসে যাচ্ছে একটার পর একটা বাংলাদেশি মালবাহী বার্জ। বজবজের তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে তারা ফিরে যাচ্ছে দেশে। সেখানে সিমেন্ট কারখানায় ছাই ঢেলে আবার আসবে ভারতে। সারা বছরের কাজ এই। নদীর দুই ধারে সার সার দাঁড়িয়ে মাছ ধরার মাঝারি ট্রলার। খরচ ও খাটনিতে পোষায় না বলে সবাই আর সব সময় মাছ ধরতে সাগরে যায় না। ফলে নারায়ণপুরের বরফ কারখানার উৎপাদন কমাতে হয়েছে। নামখানার ইন্ডিয়ান অয়েলের পাম্পের বিক্রিবাট্টা আদ্ধেক কমে গেছে। এ এক নতুন সমস্যা। এই সমস্যার কথা বলতেই স্টিমারে চেপে এসে পরমহংসে উঠলেন জনা দশেক। তাঁরা সবাই সুন্দরবনের বিভিন্ন এলাকার মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠনের নেতা। শুরু হলো তাঁদের আখ্যান।
তার আগে বাংলাদেশ ও ভারতের সাংবাদিক ও পরিবেশবিদদের এই সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন পরিবেশবিদ উদ্যোক্তা জয়ন্ত বসু। মোদ্দা কথায়, সুন্দরবন একটা অত্যাশ্চর্য প্রাকৃতিক ভান্ডার। এই উপমহাদেশের মানুষের জীবন, জীবিকা, পরিবেশ ও প্রাণিসম্পদের অনেকটাই নির্ভর করছে এই সুন্দবনের জীববৈচিত্র্যের বাঁচা-মরার ওপর। জলবায়ুর বদল ঘটছে বিশ্বজুড়ে। তার মোকাবিলা করে শুধু বাংলাদেশ বা শুধু ভারত একার প্রচেষ্টায় সুন্দরবনকে বাঁচাতে পারবে না। দরকার দুই দেশের সম্মিলিত আন্তরিক প্রয়াস। সে জন্য দুই দেশের সাংবাদিক, পরিবেশকর্মী ও রাজনৈতিক নেতাদের একজোট হতে হবে। এই সফর সেই প্রচেষ্টারই অঙ্গ। জয়ন্ত বললেন, ২০১০ সালে বাংলাদেশের তৎকালীন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ এই উদ্যোগে শামিল হয়েছিলেন। এবার পরমহংসের যাত্রা তাঁদের লক্ষ্যকে আরও কিছুটা কাছে এনে দেবে। ঠিক ছিল পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সুন্দরবন ঘুরে পরমহংস খুলনায় গিয়ে থামবে চার রাত শেষে। নানা কারণে বাংলাদেশ পর্ব অধরা থেকে গেল। তবে তাই বলে সফর একেবারে বাতিল না করার রায়ে গলা মেলালেন সবাই। আমাদের ফার্স্ট স্টপ তাই নামখানা।
সতিনাথ পাত্র ও বিজন মাইতি মৎস্যজীবীদের সমস্যা ও সমাধানের বিষয়গুলো ব্যাখ্যা করলেন। যা তাঁরা বললেন, বাংলাদেশের পরিবেশকর্মী ও পরিবেশ বিশেষজ্ঞরা তাতে সায়ও দিলেন। দেওয়ারই কথা। কারণ, সমস্যা দুই দেশেই এক। যেমন জালের মাপ। বাঙালির মৎস্যকাহিনি যাই হোক, শেষ পর্যন্ত ঘুরেফিরে তা জলের রুপালি শষ্যে এসে শেষ হয়। ইলিশ।
সরকারি নিয়ম অনুযায়ী ইলিশের জালের ফাঁক হবে অন্তত ৯০ মিলিমিটার। এটা একটা নিয়ম। আবার অন্য নিয়মটা হলো, ২৩ সেন্টিমিটারের কম লম্বা ইলিশ ধরা যাবে না। দুই নিয়মে সংঘর্ষটা কোথায়? সতিনাথের কথায়, ৯০ এমএম জাল এ জন্যই করা, যাতে ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ধরা না পড়ে। অথচ ২৩ সিএমের মাছের ওজন দেখা যাচ্ছে ২৫০ গ্রাম। তাহলে খোকা ইলিশ ধরা বন্ধ হবে কী করে?
ঘোরতর সমস্যা সন্দেহ নেই। ফি মৌসুমে তাই দেদার বিকোচ্ছে খোকা ইলিশ, বাংলাদেশে যাকে বলে জাটকা।
সমস্যা আরও রয়েছে। সেটা জানা গেল বাংলাদেশের পরিবেশ সাংবাদিকদের জবানিতে। সে দেশে ইলিশ না ধরার একটা নির্দিষ্ট সময় রয়েছে। বছরের নির্দিষ্ট কয়েক সপ্তাহ। অধিকাংশই নাকি তা মেনেও চলেন। পশ্চিমবঙ্গেও রয়েছে। ১৫ এপ্রিল থেকে ৩১ মে। ওই সময়ে মাছেরা ডিম পাড়ে। বাংলাদেশের সরকার ওই সময় মৎস্যজীবীদের রেশন দেয়। পশ্চিমবঙ্গে সেই রেওয়াজ নেই। ফলে পেটের দায়ে জেলেদের কেউ কেউ নৌকা ভাসান। ধরাও পড়েন। কিন্তু শাস্তি হয় না! কেন? বিচিত্র এক আইন রয়েছে পশ্চিমবঙ্গে। সেই আইনে ধরা পড়া মাছ আড়তে নিলাম হয়। যে টাকা আসে, তার অর্ধেক যায় সরকারের কোষাগারে, অর্ধেক পান জেলেরা। সতিনাথ, বিজনেরা সংগঠনের পক্ষ থেকে অনেক সময় মাছমারাদের ধরিয়ে দিয়েছেন। কিন্তু তবু...। পেটের জ্বালায় মানুষ আইনকে বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত। তাঁদের মিনতি, সরকারকে চাপ দিন, কম ঘেরের জাল যেখানে বোনা হয়, সেই কারখানাগুলোয় গিয়ে তাদের আইন মানতে বাধ্য করাতে। আর আইন ভেঙে মাছ ধরার শাস্তি আরও একটু কঠোর করতে।
পশ্চিমবঙ্গে ৪৫ লাখ, বাংলাদেশে ৭০ লাখ মানুষ সুন্দরবনের বাসিন্দা। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ আলাদা দেশ হলে সুন্দরবনকে হয়তো এমন দুয়োরানির সন্তানের ভাগ্য পেতে হতো না। কিন্তু ভারতের সরকারের যা নজর, তাতে গোটা পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলই তো কাব্যে উপেক্ষিতা ঊর্মিলা। সুন্দরবন সেখানে আলাদা কল্কে পাবে কী করে? জলবায়ু পরিবর্তনে প্রকৃতি তাই যতটা প্রাধান্য পায়, এই বিপুল রহস্য-সুন্দর তল্লাটের অসহায় মানুষের ভাগ্যে তার ছিটেফোঁটাও জোটে না। সভ্যতার আলোর সঙ্গে উন্নয়নের ফলা এই চরাচরকে কতটা বিদ্ধ করলে বাকি পৃথিবীর মানুষের জীবন নির্বিঘ্ন হতে পারবে, সেই চর্চায় ক্রমশ দম বন্ধ হয়ে আসে সুন্দরবনের। চলছে তাই নিরন্তর এক সংঘর্ষ। আজকের জীবনের সঙ্গে আগামী দিনের জীবনের। (চলবে)