বাঙালির প্রাণের মেলা
পুরোনো বছরকে বিদায় জানিয়ে গত শনিবার সারা দেশের মানুষ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে। বাঙালি ঐতিহ্যের নানা পোশাক ও মুখোশ পরে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে তারা তাদের প্রাণের উৎসব উদ্যাপন করেছে। কোথাও কোথাও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে হাডুডু, দাড়িয়াবান্দা, লাঠিখেলাসহ নানা আয়োজনে গতকাল থেকেই বৈশাখী মেলা শুরু হয়েছে।এসব মেলায় সব ধর্ম, পেশা, শ্রেণী ও বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে গতকাল যশোরের কেশবপুরের পাবলিক ময়দানেও পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের আনন্দ ছিল সবচেয়ে বেশি। বেলা ১১টায় মঙ্গলপ্রদীপ জ্বালানোর মাধ্যমে মেলার উদ্বোধন করেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহামঞ্চদ রেজাউন নবী। উদ্বোধনের পর মেলার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। গ্রামের পুরোনো দিনের পালকি, লাঙল ও ঢাক-ঢোলসহ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন ও বৈশাখী মেলা উদ্যাপন কমিটি এ মেলার আয়োজন করে। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে কেশবপুরের রক্তকরবী মুক্তমঞ্চে উদীচী প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে গ্রামীণ ঐতিহ্যের অংশ লাঠিখেলা দর্শকদের মাতিয়ে তোলে। বাদ্যের তালে তালে চলে লাঠির লড়াই। মেলা মঞ্চে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপাতিত্ব করেন ইউএনও খান মোহামঞ্চদ রেজাউন নবী। প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার। রাতে মাইকেল মধুসূদন একাডেমি, ডান্স বংলা ডান্সসহ বিভিন সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। রাত সাড়ে ১১টায় খুলনার শাহিদা পারভীন ও জয়নাল আবেদিনের দল জারি পরিবেশন করে।মেলার বিভিন্ন স্টলে মাটির তৈরি সামগ্রী, কাঠের ফুলদানি, মোমবাতিদানি, প্লেটসহ নানা সামগ্রী বিক্রি করা হয়। নাগোরদোলায় চড়ে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে যায়।