বাঙালির মুক্তিসংগ্রাম শুধু রাষ্ট্রকাঠামো থেকে বিচ্ছিন্নতার সংগ্রাম ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির মুক্তিসংগ্রাম শুধু একটি রাষ্ট্রকাঠামোর ভেতর থেকে বিচ্ছিন্নতার সংগ্রাম ছিল না। বরং এটা ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয় মুক্তির সংগ্রাম। কিন্তু পশ্চিমা তাত্ত্বিকেরা এটাকে একধরনের অবহেলার চোখে দেখার চেষ্টা করেন। তাই মানবমুক্তির সংগ্রামের নিরিখে জাতীয়তাবাদের মুক্তি উপাদানগুলোর বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। এমন মত দিয়েছেন লেখক ও প্রাবন্ধিক মফিদুল হক।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘নুরুন্নাহার বেগম স্মারক বক্তৃতায়’ এমন বক্তব্য তুলে ধরেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ‘কল্পিত জাতীয়তাবাদ, জাতিসত্তা ও মুক্তিচেতনা’ শিরোনামের এ বক্তৃতার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র।
মফিদুল হক তাঁর বক্তব্যে জাতীয়তাবাদী আন্দোলনগুলোর শক্তিময়তার দিকটা তুলে ধরার চেষ্টা করেন। নানা তাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি বিশ্বব্যাপী নানা আন্দোলনের তথ্য তুলে ধরেন এই গবেষক। তিনি বলেন, তৃতীয় বিশ্বের মুক্তি আন্দোলনগুলোতে জাতীয়তাবাদ যে ভূমিকা পালন করে, বাঙালির স্বাধিকার আন্দোলনও তারই অংশ। এ আন্দোলনে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে ঔপনিবেশিকতাবিরোধী আন্দোলনের পুরোধাদের কাতারে নিয়ে গেছেন।
মফিদুল হক মনে করেন, পাশ্চাত্য চিন্তাধারার প্রভাবে ‘সেক্যুলারিজম’ বাংলা হিসেবে ‘ধর্মনিরপেক্ষতাকে’ নেওয়া হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সবচেয়ে যৌক্তিক ছিল ‘অসাম্প্রদায়িকতা’। তাঁর মতে এখানে ধর্মনিরপেক্ষতার বাস্তব রূপ হলো অসাম্প্রদায়িকতা, যার মানে সব ধর্মের প্রতি রাষ্ট্রের সহযোগিতা থাকবে, রাষ্ট্র ও ধর্মকে আলাদা করা হয়। তিনি বলেন, রাষ্ট্র হবে ধর্মানুকূল, ধর্মনিরপেক্ষ নয়।
মফিদুল হক বলেন, গত চার দশকে দুনিয়াজুড়ে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বিশ্বায়নের প্রভাবে মুছে যাচ্ছে রাষ্ট্রসীমার সার্বভৌমত্ব। এর বিপরীতে স্বকীয়তা নিয়ে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদ গুরুত্ববহ হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ বক্তৃতায় মফিদুল হক তাঁর যে ধ্যানধারণা তুলে ধরেছেন, তা গুরুত্ব দিয়ে পর্যালোচনার দাবি রাখে। এ বিষয়ে আলাপ-আলোচনা হলে জাতীয়তাবাদের ধারণা আরও পরিষ্কার হবে।
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আকতার কামাল বলেন, ‘নানা তত্ত্ব ও তথ্যসহ মফিদুল হক তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের জাতিসত্তার আন্দোলনকে নতুনভাবে বিশ্লেষণ করার সময় এসেছে।’
অনুষ্ঠানের সভাপতি ও উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক হওয়া জরুরি। কারণ, আমাদের এখানে পশ্চিমা মতবাদের ওপর ভিত্তি করে জাতীয়তাবাদকে বোঝার চেষ্টা করা হয়।’
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালক কাজল বন্দ্যোপাধ্যায়।