বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস দিয়ে সাজানো হচ্ছে প্যারেড মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস দিয়ে বিজয় দিবসের কুচকাওয়াজ মাঠ সাজানো হবে। বায়ান্ন থেকে একাত্তরের সংগ্রামী ইতিহাসের নানা দৃশ্য তুলে ধরা হবে চারদিকে। বিজয় দিবসের কুচকাওয়াজের অধিনায়ক নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় নবম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শরিফ কায়কোবাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের কুচকাওয়াজ। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনী, পুলিশ, বিডিআর, আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য এ প্যারেডে অংশ নেবেন। প্রতিবছরের মতো আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সাধারণ মানুষ প্যারেড উপভোগ করতে পারবেন। জিওসি বলেন, রাডার কন্ট্রোলের মতো এবার নতুন কিছু সরঞ্জাম দেখানো হবে, যা আগে কখনো দেখা হয়নি। ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রাজ্জাক বলেন, প্যারেডে ২১টি দল পর্যায়ক্রমে তাদের সরঞ্জাম তুলে ধরবে। ব্রিগেডিয়ার জেনারেল কাজী শরিফ বলেন, ২০০ শতাধিক যানবাহন প্যারেডে অংশ নেবে। প্রায় এক মাস এসব নিয়ে তাঁরা অনুশীলন করছেন। ১৪ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে চূড়ান্ত কুচকাওয়াজ হবে। স্কুলের ছাত্ররা এটি দেখতে পারবে।