বাঙালিরা বিতাড়িত হবে এমন ভাবনার কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন সংশোধন করা হলে বাঙালিরা বিতাড়িত হবে, এমন ধারণা করার কোনো কারণ নেই। আইনটিতে কোনো ব্যক্তিকে নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ করার বিধান নেই। গতকাল সোমবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রীর সমঞ্চতিক্রমে কয়েক মাসের মধ্যে পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইনের সংশোধন নিয়ে পার্বত্য অঞ্চলের বাঙালিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল মহীউদ্দীন খান আলমগীর ও গওহর রিজভী আওয়ামী লীগ, বিএনপিসহ রাঙামাটির বিভিন্ন বাঙালি সংগঠন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নেতা-কর্মী, স্থানীয় সরকার প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইনে পার্বত্য এলাকার ভূমি বিরোধ নিষ্পত্তির রায় পেতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। তাই এই বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য ভূমি কমিশন গঠন করা হয়েছে। বাঙালিদের ভূমি জরিপের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, পার্বত্য চুক্তিতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ হবে। তবে তা না হলেও অন্য কাজ বসে থাকবে না। জমির মালিকানা চিহ্নিত করাসহ অন্য কাজগুলো সম্পন্ন করে যেতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত বাঙালি নেতারা পার্বত্য অঞ্চলে নিজেদের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে দাবি করে ভূমি কমিশনে তাঁদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, কমিশনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সমানাধিকার প্রতিষ্ঠা, আইনের ধারা থেকে ‘অবৈধ বন্দোবস্ত’, ‘রীতি’ এবং পার্বত্য চুক্তিতে বর্ণিত ‘উপজাতীয় অধ্যুষিত অঞ্চল’ শব্দগুলো বাদ দেওয়ার দাবি জানান।