বাঙ্গালী থেকে অবৈধভাবে যন্ত্র বসিয়ে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর ওপর বিলচাপড়ী এলাকায় নবনির্মিত সেতুর ১০ গজ পাশে ইঞ্জিনচালিত দুটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। নদীর গভীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে নদীভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলচাপড়ী এলাকায় বাঙ্গালী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে আট কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়। এর আগে ২০১১ সালে ১৭ নভেম্বর নির্মাণকাজ চলাকালীন সেতুর নিচ থেকে বালু উত্তোলন করায় গার্ডার দেবে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। সংবাদ পেয়ে ধুনট থানার সাবেক পরিদর্শক তোজামেঞ্চল হক বালু উত্তোলনকারী রবিউল ইসলামকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ঘটনার পরই ওসিকে ধুনট থানা থেকে বদলি করা হয়। এর পর থেকে সেতুর আশপাশের এলাকায় এত দিন বালু উত্তোলন বন্ধ ছিল। গত এক সপ্তাহ ধরে আবারও রামনগর গ্রামের তুহিন, সাইদ ও হেউটনগর গ্রামের জাহাঙ্গীর নামে তিন যুবক সেতুর পাশে দুটি ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
বিলচাপড়ী গ্রামের আমজাদ হোসেন ও লাল মিয়া জানান, রামনগর গ্রামের কয়েকজন যুবক প্রায় এক সপ্তাহ ধরে ওই এলাকা থেকে বালু উত্তোলন করছেন। এতে নদীর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙনের আশঙ্কা রয়েছে। গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও তাঁরা বালু উত্তোলন করে যাচ্ছেন।
ধুনট উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, সেতুর পাশে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হলে সেতুর পিলার দেবে যেতে পারে। এ কারণে খোঁজ নিয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বালু উত্তোলনকারী তুহিন জানান, তাঁদের গ্রামের ঈদগাহ মাঠের মাটি ভরাটের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজার রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।