বাঙ্গালী নদীর পানিতে মরছে মাছ ও প্রাণী, ভুগছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের একটি শিল্পকারখানার বর্জ্যে বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ইউনিয়ন এলাকায় বাঙ্গালী নদী বিষাক্ত হয়ে পড়েছে। এ পানি পান করে গত রোববার ইউনিয়নের সিংহের সিমলা গ্রামের কৃষক আবদুর রাজ্জাক খানের দুটি গাভি মারা গেছে। নদীর মাছ তো মারা যাচ্ছেই। আক্রান্ত হচ্ছে মানুষও।
গতকাল সোমবার উপজেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সিংহের সিমলা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বাঙ্গালী নদী। দুই-তিন দিন আগের বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিমলা গ্রামের অন্তত পাঁচজন কৃষক বলেন, নদীর উজানে ছোনকা এলাকায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের শিল্পকারখানার বর্জ্য পাইপযোগে নদীতে এসে পড়ায় নদীর পানি বিষাক্ত হয়ে উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রাজ্জাক খানের বাড়িতে গেলে দেখা যায়, গরুর পাশে বসে আছেন তাঁর ছেলে মনিরুল ইসলাম খান। তিনি বলেন, গত রোববার দুপুরে তিনি গাভি দুটি নদীতে ধোয়াতে নিয়ে যান। এ সময় গাভি দুটি নদীর পানি পান করে। নদী থেকে তোলার পর মুখ দিয়ে ফেনা বের হতে হতে কিছুক্ষণের মধ্যেই গাভি দুটি মারা যায়।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে গত রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই গ্রামের কৃষক আবদুর রশিদ মণ্ডল বলেন, নদীর পানি বিষাক্ত হয়ে মাছও মরতে শুরু করেছে।
আরেক কৃষক ইব্রাহিম খান বলেন, নদীর পানিই গ্রামের কৃষক পরিবার গৃহস্থালি কাজে ব্যবহার করে। গাভি দুটি মারা যাওয়ায় গ্রামবাসী আর ভয়ে নদীতে নামছেন না।
সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, এই নদীর পানি ব্যবহার করায় তাঁর বিদ্যালয়ের শিশুরাসহ গ্রামবাসী চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়ভাবে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন জীবন’-এর নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, মজুমদার প্রোডাক্টস নামের শিল্পকারখানার বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলায় নদীর পানি বিষাক্ত হয়ে পড়ছে। এর প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ২০১২ সালের ২৫ ডিসেম্বর কারখানাটি উৎপাদনে আসে।
মজুমদার প্রোডাক্টস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা গতকাল বিকেলে দাবি করেন, তাঁদের কারখানার বর্জ্য পরিশোধন করেই পাশে চমরপাথালিয়া এলাকায় পাইপযোগে বাঙ্গালী নদীতে ফেলা হচ্ছে।