বাঙ্গালী নদীর বালু লুট, হুমকিতে সেতু
বগুড়ার গাবতলী উপজেলায় বাঙ্গালী নদীতে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে নির্বিচারে বালু তোলা হচ্ছে। এতে বগুড়ার চেলোপাড়া-চন্দনবাইশা সড়কের তরণীরহাট-সংলগ্ন নদীতে নির্মিত নতুনপাড়া সেতু হুমকির মুখে পড়েছে। নদীতীরবর্তী বসতভিটা ও ফসলি জমিও হুমকির মুখে।
এলাকাবাসী বলছে, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এভাবে বালু লুট করছেন। গত শনিবার সকাল ১০টার দিকে নতুনপাড়া সেতুতে গিয়ে দেখা যায়, সেতু থেকে কিছু দূরে উজানে মূল বাঙ্গালী নদী দুই ভাগে বিভক্ত হয়েছে। এরপর কয়েক কিলোমিটারে ভাটিতে গিয়ে আবার মূল নদীতে মিশেছে। বাঙ্গালীর এ দুই অংশে নতুনপাড়া ও জোড়গাছায় চেলোপাড়া-চন্দনবাইশা সড়কে দুটি সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে নতুনপাড়া সেতুর উত্তর পাশে নদীর বুকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। নদী থেকে পিভিসি পাইপের মাধ্যমে বালু তুলে সেতুর উত্তর পাশে নতুনপাড়া গ্রামের প্রবেশমুখে স্তূপ করা হচ্ছে। অন্য একটি পাইপের মাধ্যমে নদীর দক্ষিণ পাশে আরেক জায়গায় বালু স্তূপ করা হচ্ছে।
বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক ছফির উদ্দিন বলেন, দৈনিক ৩০০ টাকা হাজিরায় শ্রমিকেরা এখানে কাজ করছেন। বর্ষাকাল ছাড়া বছরজুড়েই এখানে কাজ করেন তাঁরা। বালু তোলার দু-এক দিন পর ট্রাকে ভরে বিক্রি করে দেওয়া হয়। প্রতি ট্রাক বালু আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হয়।
দেখা গেছে, সেতুসংলগ্ন প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে নদীপাড় ধসে যাচ্ছে। সেতুর পাশেই নতুনপাড়া গ্রাম ও বেশ কয়েকটি বসতভিটা। নদীপাড় ধসে যাওয়ায় বসতভিটাগুলো হুমকিতে পড়েছে।
নতুনপাড়া গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুর রহমান নদী থেকে বছরজুড়ে বালু তুলছেন। সেতুর দুই পাশে বালুমহাল বানিয়ে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অপরিকল্পিতভাবে বালু তোলায় বর্ষাকালে ব্যাপক হারে নদী ভাঙছে। এতে লোকালয় ও ফসলি জমি হুমকিতে পড়েছে।
জানতে চাইলে হাবিবুর রহমান নদী থেকে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘বিক্রির জন্য নয়; নদীতীরে নিচু একটা জায়গা ভরাটের জন্য বালু তুলছি।’ তিনি আরও বলেন, ‘আমার বাপ-দাদার অনেক সম্পত্তি নদীতে বিলীন হয়েছে। সেই সম্পত্তি থেকে বালু তোলা দোষের কিছু নয়।’
জেলা প্রশাসনের বালুমহাল ইজারা শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের সরকারি তালিকায় বাঙ্গালী নদীর গাবতলী উপজেলার তরুণীরহাট অংশে ইজারাযোগ্য কোনো বালুমহাল নেই।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, নদী থেকে বালু তোলার জন্য প্রশাসন থেকেও বালুমহাল ইজারা দেওয়া হয়ে থাকে। তবে ইজারা ছাড়াই কেউ অবৈধভাবে বালু তুললে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা ও উপজেলা প্রশাসনের।
জানতে চাইলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’