বাঙ্গালী নদীর ভাঙনে রাস্তা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর ভাঙনে হাসাপটল–বিলচাপড়ি রাস্তার একাংশ বিলীন হয়ে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর ভাঙনে হাসাপটল–বিলচাপড়ি রাস্তার একাংশ বিলীন হয়ে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর পানি আবারও বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে ভাঙন। গত কয়েক দিনের ভাঙনে হাসাপটল-বিলচাপড়ি রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। এতে প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকার অনেকে জানান, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাঙ্গালী নদীর ওপর গত বছর প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে বিলচাপড়ি সেতু নির্মাণ করা হয়। ইউনিয়নের ১০ গ্রামের মানুষ হাসাপটল-বিলচাপড়ি রাস্তা দিয়েই সেতু পার হন। জেলা শহর বগুড়ার সঙ্গে যোগাযোগের এটাই প্রধান পথ। এখন রাস্তা না থাকায় এলাকাবাসীকে রামনগর, হাসখালী ও ঈশ্বরঘাট হয়ে প্রায় তিন কিলোমিটার ঘুরে সেতু পার হতে হচ্ছে।
এবার বর্ষার শুরু থেকেই নদীভাঙন দেখা দেয়। পরে পানি বাড়ায় নদীভাঙনের তীব্রতা বেড়ে যায়। গত ১৫ দিনে রাস্তাটি ভেঙে নদীতে বিলীন হয়। স্থানীয় ব্যক্তিরা বলছেন, শিগগিরই নদীভাঙন রোধ করতে না পারলে হাসাপটল গ্রামের বসতবাড়ি, প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও আবাদি জমি ভাঙনের কবলে পড়বে।
হাসাপটল গ্রামের নজরুল ইসলাম (৫০) বলেন, ‘যেভাবে নদীর পাড় ভাইঙ্গা যাইচ্ছে, রাস্তা তো গেছেই, কয়েক দিনের মধ্যে ঘরবাড়ি জমিজমা সব থুইয়া যাইতে হইবি। কেউ এনা এ বিষয়ে গায়োত লাগায় না।’ বিলচাপড়ি গ্রামের রাসেল মাহমুদ বলেন, ‘রাস্তা ভাইঙ্গা যাওয়ায় কয়দিন হলো, এলাঙ্গী হাটোত যাইতি পারছি না। হাটোত যে ধান, চাল লিয়া বেছা কেনা কুরা হবি তাও হচ্ছে না। তিন কিলোমিটার ঘুরে হাটোত যায় কেরা।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক বলেন, বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা হয়েছে। বিশেষ কোনো বরাদ্দ নিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হবে।