বাঙ্গালী নদীর সেই বাঁধ ভেঙে দিতে জেলা প্রশাসনের নির্দেশ
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর বাঁধটি দ্রুত ভেঙে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম ২২ সেপ্টেম্বর ইউএনওর প্রতি এ লিখিত নির্দেশ পাঠান। এর আগে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নদীর বাঁধ অপসারণের জন্য চার সচিবসহ ১০ কর্মকর্তার কাছে নোটিশ পাঠায়।
প্রথম আলোয় ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ আ.লীগ নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের কথা উল্লেখ করে বেলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল কবির নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে বাঁধ অপসারণের ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা বলা হয়।
পরিবেশ ও বন, পানিসম্পদ, ভূমি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বেলা ওই নোটিশ পাঠায়। এতে উল্লেখ করা হয়, প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বাঙ্গালী নদীর ওপরের ওই বাঁধ অপসারণ করা প্রয়োজন।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো বাঁধ ভেঙে দেওয়ার লিখিত নির্দেশে উল্লেখ করা হয়েছে, সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ২৯ জুলাই ধুনটের ইউএনওকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা না করে উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগোকে দিয়ে তদন্ত করিয়ে প্রতিবেদন দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী বাঁধ নির্মাণের ফলে পানির চাপ বেড়ে যাওয়ায় নদীর দুই পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং বথুয়াবাড়ী সড়ক ও ধুনট-শেরপুর সড়ক হুমকির মুখে পড়েছে। নদীতে বাঁধ দিয়ে গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
ধুনটের ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ‘নির্দেশমতো জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’
ধুনটের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি এম এ তারেক এবং তাঁর কর্মী-সমর্থকেরা বাঙ্গালী নদীর নবীনগর বিলচাপড়ি এলাকায় আড়াআড়িভাবে বাঁধ দিয়ে কয়েক মাস ধরে মাছ চাষ করছেন।