বাচ্চা দিয়েছে কালো ভালুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কালো ভালুকটি একটি বাচ্চা দিয়েছে। প্রায় দুই কেজি ওজনের বাচ্চাটির জন্ম হয় ৫ ফেব্রুয়ারি ভোরে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী সংরক্ষণে প্রজননের উদ্যোগ নেয় সাফারি পার্ক কর্তৃপক্ষ। আবদ্ধ অবস্থায় কালো ভালুকের বাচ্চা প্রসবের ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে কর্তৃপক্ষ জানিয়েছে।পার্ক কর্তৃপক্ষ জানায়, কালো ভালুকের প্রজননের সিদ্ধান্ত হয় গত বছরের এপ্রিলে। এরপর পার্বত্য এলাকা থেকে সংগৃহীত প্রাপ্তবয়স্ক দুটি পুরুষ ও চারটি স্ত্রী কালো ভালুক সাফারি পার্কের একটি পৃথক বেষ্টনীতে অবমুক্ত করা হয়। কালো ভালুকের প্রজননের সব সুযোগ-সুবিধাসংবলিত ওই বেষ্টনীতে অবস্থানকালে স্ত্রী ভালুক জেকির সঙ্গে ঘনিষ্ঠ হয় পুরুষ ভালুক ডোভার। জেকি ও ডোভারের বয়স যথাক্রমে আট ও দশ বছর। জেকি গত সেপ্টেম্বরে গর্ভধারণ করে বলে নিশ্চিত হন পার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান। এর পর থেকে জেকির প্রসবকালীন স্বাস্থ্যের নিয়মিত তদারকসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানসংবলিত খাবার সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়। জেকির পছন্দনীয় খাবারের তালিকায় ছিল মধু, কলা, আপেল, সবজি, পাউরুটি প্রভৃতি। চট্টগ্রাম বন বিভাগ সূত্র জানায়, বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী প্যারাহরিণ, লোনা পানির কুমিরসহ জলহস্তী, সিংহ ও ময়ূরের প্রজননের উদ্যোগ নিয়ে ইতিপূর্বে সাফল্য পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। চট্টগ্রাম বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জগলুল হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মিশ্র চিরসবুজ সিলেট ও আংশিক চিরসবুজ পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে কালো ভালুকের আবাস। বাংলাদেশে বিলুপ্তির ঝুঁকির সম্মুখীন এই প্রজাতির বর্তমান সংখ্যার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।কালো ভালুকের বৈজ্ঞানিক নাম টৎংঁং ঃযরনবঃরহঁ। লম্বায় এরা ১৫৫ সেন্টিমিটার এবং ওজনে প্রায় ১৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে। পরিযায়ী এই প্রাণী প্যারাবন ছাড়া প্রায় সব ধরনের জঙ্গলে বসবাসের উপযোগী। প্রধানত নিরামিষভোজী এই প্রাণী আমিষ খাবারও পছন্দ করে। কালো ভালুক নানা ধরনের ফল, গাছের শিকড়, ভুট্টা, যব, গম, মধু, পাখির ডিম খায়।