প্রসববেদনা শুরু হওয়ার পর এক ভ্যানচালক তাঁর স্ত্রীকে নিয়ে গত মঙ্গলবার রাত আটটার দিকে পঞ্চগড় মা ও শিশুকল্যাণকেন্দ্রে যান। গিয়ে দেখেন কেন্দ্রটিতে তালা ঝোলানো। পরে পাশের সরকারি একটি মিলনায়তন চত্বরে তাঁর স্ত্রী একটি কন্যাসন্তান প্রসব করেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রসূতির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বোদাপাড়া গ্রামের মো. রাসেল স্ত্রীকে নিয়ে রাত আটটার দিকে পঞ্চগড় মা ও শিশুকল্যাণকেন্দ্রে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, ওই কেন্দ্রের ফটকে তালা লাগানো। অনেক ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে রাসেল স্ত্রীকে পাশের সরকারি মিলনায়তন চত্বরে নিয়ে যান। এ সময় কয়েকজনের সহযোগিতায় মিলনায়তনের তত্ত্বাবধায়ক পুরোনো কয়েকটি ব্যানার দিয়ে প্রসবের স্থান ঘিরে ফেলেন। পরে পারভীন সেখানে একটি কন্যাসন্তান জন্ম দেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে মা ও শিশুকে ওই মা ও শিশুকল্যাণকেন্দ্রে নিয়ে যান। তখন তাঁরা কেন্দ্রটি খোলা দেখতে পান।পারভীনের শাশুড়ি তনজিনা খাতুন অভিযোগ করেন, কেন্দ্রে তালা দেওয়া দেখে তিনি পরিবারকল্যাণ পরিদর্শক খাদিজা বেগমের বাসায় যান। খাদিজা তাঁকে বলেন, ‘আমার এখন ডিউটি নেই।’ পরে তিনি দেখেন ওই বাসায় বসে তখন দায়িত্বে থাকা পরিদর্শক সুফিয়া খাতুন চা-বিস্কুট খাচ্ছেন।সুফিয়া খাতুন কেন্দ্রের ভেতরেই অবস্থান করছিলেন দাবি করে বলেন, নৈশপ্রহরী ফটকে তালা লাগিয়ে রাতের খাবার খেতে চলে যান। তাই তাঁরা ওই প্রসূতির জন্য কিছুই করতে পারেননি। খাদিজা বেগম বলেন, ‘সুফিয়া বেগম আমার বাসায় বসে ছিলেন। কেউ তাঁকে ডাকতে এসেছেন বলে আমার মনে পড়ে না।’ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মো. মাজেদ আলী শেখ বলেন, ‘এমন রোগী এলে পরিদর্শিকার দায়িত্ব মুঠোফোনে কল করে আমাকে ডেকে নেওয়া। কিন্তু এ ব্যাপারে কেউ আমাকে জানায়নি। পরে খবর পেয়ে আমি নিজেই এসেছি।’