
পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগের বাসিন্দা মো. বাচ্চু ও তাঁর চাচাদের চার ঘর ঘিরে রয়েছে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। এক জায়গায় এতগুলো ট্রান্সফরমার থাকার নজির খুব কম। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বলছে, তারা এখন বাচ্চুর বাসার লাগোয়া ট্রান্সফরমারটি সরিয়ে নেবে।
১৯ জুন রাতে বাচ্চুর ঘর লাগোয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটলে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের চালায় পড়ে ঘর বিদ্যুতায়িত হয়। এতে মো. বাচ্চুর মা, তাঁর স্ত্রী ও এক মেয়ে মারা যায়। একই ঘরে থাকলেও বাচ্চু, তাঁর পাঁচ বছরের মেয়ে কুলসুম বেগম ও বাচ্চুর ছোট ভাই বেঁচে যান।
গতকাল শনিবার দুপুরে ৭০/১২ পশ্চিম ইসলামবাগে গিয়ে দেখা যায়, বাচ্চু ও তাঁর তিন চাচার চার কাঠার জমিতে চারটি দোতলা টিনশেড ঘর। চারটি ঘরের দোতলার জানালা বরাবর চারটি ট্রান্সফরমার। এর ওপর উচ্চ ক্ষমতাসম্পন্ন ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন। সরু সিঁড়ি বেয়ে দোতলা বাড়িতে ওঠার পর বাচ্চুকে পাওয়া গেল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যাওয়া শিশু কুলসুমের পাশে বসে আছেন তিনি। কুলসুমের পোড়া ঘায়ে মলম লাগানো আছে। বাচ্চু ইসলামবাগে একটি প্লাস্টিকের কারখানায় চাকরি করেন।
সেদিনের দুঃসহ স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না বাচ্চু। কথা বলতে বলতে কেঁদে ফেলেন। বলেন, ‘সবার জন্য ঈদের পোশাক ও কাপড়চোপড় কেনা হয়েছিল। মায়ের জন্য দুটি শাড়ি, স্ত্রীর জন্য থ্রিপিস ও মেয়ে আফরিনের জন্য ফ্রক কিনেছিলাম।’
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করে বাচ্চু বলেন, ‘ওদের জন্য পরিবারের তিন-তিনটি মানুষ হারিয়েছি। দীর্ঘদিনের মরচে ধরা লাইন তারা পরিবর্তন করে না। প্রায় প্রতিদিনই এসব ট্রান্সফরমার থেকে আগুনের ফুলকি বের হয়।’
শোকার্ত বাচ্চুর স্বজনেরা বলেন, ঘরের পাশের বিপজ্জনক ট্রান্সফরমারের কারণে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার (৩০), স্কুলপড়ুয়া মেয়ে আফরিন আক্তার (৯) ও মা আমিনা বেগম (৬০) অকালে মারা গেলেন। বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এসব ট্রান্সফরমারের কারণে তাঁরাও আতঙ্কে আছেন।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বাচ্চু বলেন, ১৯ জুন বেলা ১১টা হবে। প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ট্রান্সফরমারের বিস্ফোরণ। এরপর ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালায় পড়ে। ঘরের ভেতরে বিদ্যুৎ লাইনে আগুন ধরে যায়। পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। তখন ছোট মেয়েকে কোলে নিয়ে দ্রুত বাসা থেকে বের হতে যান বাচ্চুর স্ত্রী। সিঁড়িতে পা দিতেই ছিটকে নিচে পড়ে যান তিনি। একই পরিণতি হয় বাচ্চুর মা ও মেয়ে আফরিনের। এরপর বাচ্চু একটি কাঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে দুই হাতে পলিথিন পেঁচিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা স্ত্রীর কোল থেকে ছোট মেয়েটিকে টেনে আলাদা করে নেন। ততক্ষণে পাঁচ বছর বয়সী কুলসুমের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
ঘটনার পর থেকে বাচ্চুর বাসার জানালা আর খোলা হয়নি। তার বাসায় এখনো বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। তিনি বাসার পাশের ট্রান্সফরমারটি সরিয়ে নেওয়ার পাশাপাশি হতাহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।
বাচ্চুর চাচাতো ভাইয়েরা বলেন, তাঁদের বাড়ির আশপাশে পলিথিন, জুতার সোল তৈরিসহ বিভিন্ন কারখানা আছে। এসব কারখানায় লাইন দেওয়ার কারণে বিদ্যুতের লাইনে চাপ পড়ে এবং মাঝেমধ্যেই ট্রান্সফরমারগুলোতে বিস্ফোরণ ঘটে। তাঁরা বলেন, তাঁরা গরিব মানুষ। দেনদরবার করার ক্ষমতা নেই। এই কারণেই তাঁদের জায়গার ওপর এলাকার সব ট্রান্সফরমার বসিয়ে রাখা হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিসের লালবাগের সহকারী প্রকৌশলী মো. সাঈদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বাচ্চুর বাসার পাশের ট্রান্সফরমারটি ঈদুল ফিতরের পর সরিয়ে নেওয়া হবে। তিনি দাবি করেন, ওই এলাকায় শিল্পকারখানা থাকলেও বিদ্যুতের বাড়তি চাপ বাচ্চুর বাসার পাশের ট্রান্সফরমারে পড়েনি। রাস্তা ঘেঁষে বাড়ি করায় এখন বিদ্যুতের লাইনগুলো বাসাবাড়ির ওপর বলে মনে হয়।
এ ঘটনায় ডিপিডিসির প্রধান প্রকৌশলীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঈদের পর প্রতিবেদন জমা দেবে বলে ডিপিডিসির সূত্র জানায়।