ভোগ্যপণ্যের পর চট্টগ্রামে জাহাজভাঙা শিল্পেই সবচেয়ে বেশি ঋণ দিয়েছে ব্যাংকগুলো। এ খাতে ২০টি ব্যাংক ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। এই ঋণের বড় এক অংশই এখন খেলাপি।
ঋণ নিয়ে ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন এই খাতের ব্যবসায়ী মোহাম্মদ গিয়াসউদ্দিন ওরফে কুসুম। বেসরকারি ব্যাংক এশিয়া তাঁর বিরুদ্ধে ১০১ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে সীতাকুণ্ড থানায়। গিয়াসউদ্দিনের কাছে কিছু ব্যক্তিও অর্থ লগ্নি করেছেন। এর পরিমাণ সাড়ে তিন শ কোটি টাকা বলে শোনা যাচ্ছে।
ব্যাংকগুলো সম্ভাব্যতা যাচাই করে জাহাজভাঙা শিল্পেও অর্থায়ন করেনি। ভুইফোঁড় কোম্পানিকে রাতারাতি ঋণ দিয়েছে ব্যাংক। পুরোনো জাহাজ কেনার ক্ষেত্রে এসব ব্যবসায়ীর দক্ষতা-অভিজ্ঞতা ছিল না। আবার বিশ্ববাজার পরিস্থিতির কারণে দেখা গেছে, জাহাজ কিনতে খরচ হয়েছে টনপ্রতি ৩৯-৪০ হাজার টাকা, কিন্তু জাহাজ কেটে টনপ্রতি মূল্য পাওয়া গেছে ৩১ হাজার কোটি টাকা।
আগ্রাবাদে মোস্তফা সেন্টারে শিপব্রেকার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হেফাজাতুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলো না দেখে জাহাজভাঙা শিল্পে অর্থায়ন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় চাপের মুখে নতুন সদস্যপদ দেওয়া হলে ১২০টি শিল্প গড়ে ওঠে। এখন টিকে আছে ৭০-৮০টি। কয়েকটি বাদে আসলে কারোর অবস্থাই ভালো নেই।
বাংলা সুদের অর্থ: চট্টগ্রামে ব্যাংকঋণের পাশাপাশি মহাজনি প্রথাও চালু আছে। এখানে কিছু ব্যক্তিও আমদানিকারক এবং শিল্পপতিদের কাছে উচ্চ সুদে অর্থ ধার দেন। এর সুদহার ৩৫ শতাংশ পর্যন্ত। স্থানীয় ভাষায় একে বলে ‘বাংলা সুদ’। এরা মূলত আমদানিকারকের কাছ থেকে পণ্য সরাসরি কেনে, যাদেরকে বলা হয় ‘সেকেন্ড লাইন ব্যবসায়ী’। ব্যাংক থেকে এই সেকেন্ড লাইন ব্যবসায়ীরা ঋণ করেন। কিন্তু এই অর্থ তাদের কাজে লাগে না। কারণ, তারা আমদানিকারকের মালামাল কেনাবেচার মধ্য থেকে অর্থের জোগান পেয়ে যান। ফলে ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণ তারা দ্বিগুণ মূল্যে আমদানিকারকদের কাছে খাটান।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মোহাম্মদ গিয়াসউদ্দিনের এই বাংলা সুদে টাকা নেওয়া আছে বলে এখন জানা যাচ্ছে।
শিপব্রেকার অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের কাছে বাংলা সুদের অর্থায়ন সম্পর্কে জানতে চেয়েছে। কিন্তু হেফাজাতুর রহমান বলেন, তারা জানতে চাইলেও সদস্যরা কেউ তথ্য দেননি। যদিও চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, এখানে বাংলা সুদের অর্থের পরিমাণ ব্যাংকঋণের চেয়ে খুব কম নয়।
ব্যবসায়ীদের পদক্ষেপ: চট্টগ্রামে আমদানি ব্যবসা ও জাহাজভাঙা শিল্পে ঋণের অর্থ পরিশোধে সমস্যা দেখা দেওয়ায় ব্যবসায়ীরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মন্ত্রী, ব্যাংকার, সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, প্রচারপত্র বিতরণ ইত্যাদি।
সরকারের কাছে দেওয়া এমন একটি পত্রে বলা হচ্ছে, ১৯৯৯ সাল থেকে তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো আসার পর সব ধরনের ব্যাংকের একমাত্র উদ্দেশ্য ছিল শুধু লাভ করা। ফলে কোনো ধরনের ব্যবসায়িক বিশ্লেষণ ছাড়াই ঋণ বিতরণ করা হয়েছে। ঋণের সুদ ১৭-১৮ শতাংশ এবং চক্রবৃদ্ধি হারে তা বেড়ে পুরো ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিকে ধ্বংসের করে দিচ্ছে। অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে গোটা খাতকে ধ্বংস করা হচ্ছে।
ব্যবসায়ীর পলায়ন মামলা: মোহাম্মদ গিয়াসউদ্দিন লাপাত্তা হওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর গত ১২ ফেব্রুয়ারি ব্যাংক এশিয়া সীতাকুণ্ড থানায় মামলা করে। গিয়াসউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান শাহ আমানত আয়রন মার্ট ও আল মদিনা এন্টারপ্রাইজ।
মামলায় বলা হয়েছে, গিয়াসউদ্দিনের বিদেশে চলে যাওয়ার তথ্য লোকমুখে পাওয়ার পর ফোনে তাঁকে পাওয়া যায়নি। ব্যাংকের ব্যবস্থাপকসহ কর্মকর্তারা গিয়েও বসতবাড়িতেও কাউকে পাননি। আসামির মালিকানাধীন শাহ আমানত আয়রন মার্ট ডিপোতে সংরক্ষিত নয় হাজার টন লোহার প্লেট ও অন্যান্য স্ক্র্যাপ মালামালও নেই। এতে ব্যাংকের মনে হয়েছে, গিয়াসউদ্দিন প্রতারণা করে ব্যাংকের টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন।
সীতাকুণ্ডের ভাটিয়ারি শাখার ব্যবস্থাপক হোসেনুজ্জামান প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি তাঁদের কাছে রহস্যজনক মনে হয়েছে। কেননা গ্রাহকের সব ঋণ হিসাবই নিয়মিত ছিল। পালানোর আগ পর্যন্ত অর্থ পরিশোধে কোনো সমস্যা হয়নি।