বাছাই কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা জজ ও অধস্তন আদালতে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আদালতগুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বাছাই কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখাসংক্রান্ত দুটি বিধিমালা সংবিধানবহির্ভূত ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানিতে অংশ নেন। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ওই বিধিমালা বাতিল ও সংবিধানবহির্ভূত ঘোষণা করায় নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখার আর সুযোগ নেই। আগের বিধান অনুসারে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগের কর্মকর্তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এর আগে ২০১০ সালের ১ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহ (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা-১৯৮৯ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আদালতসমূহ (সহায়ক কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০০৮ সংশোধন করা হয়।
১৯৮৯ সালের বিধিমালার দ্বিতীয় দফা ২(ঙ) এবং নিয়োগ বিধিমালায় দফা ২(ছ)-তে পরিবর্তন আনা হয়। প্রথম ক্ষেত্রে নিয়োগে ও পদোন্নতিতে ‘তিন সদস্যের বাছাই কমিটির’ সদস্যদের ব্যাখ্যা দেওয়া হয়। চেয়ারম্যান ও সদস্যসচিব হিসেবে বিচার বিভাগীয় দুজন কর্মকর্তার পাশাপাশি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে রাখার কথা বলা হয়। দ্বিতীয়টিতেও বাছাই কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখার কথা বলা হয়।
বিধিমালার প্রতিস্থাপিত দফা ২(ঙ) এবং দফা ২(ছ) এর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মনজিল মোরসেদসহ তিন আইনজীবী ২০১২ সালে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ৬ মে হাইকোর্ট রুল দেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় হয়।
মনজিল মোরসেদ জানান, ওই বিধান অধস্তন আদালতগুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বা পদোন্নতিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল ও বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের চেতনাবিরোধী। সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুসারে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের—এসব যুক্তিতে রিটটি করা হয়।