আয়কর সনদ জমা না দেওয়ায় কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও চারজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাঁরা সবাই আপিল করার সুযোগ পাবেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন দুজন। তাঁদের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই ওয়ার্ডে এখন একক প্রার্থী হিসেবে টিকে রইলেন সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই মুজিবুর রহমান। আপিলে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা ফিরে না পেলে তিনি বিনা ভোটে নির্বাচিত হবেন।
গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। ২৫ মে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন ও কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মেয়র পদপ্রার্থী এস এম এ ফারুক ও মো. হাশেম এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির আলম, ৭ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াস, ৮ নম্বর ওয়ার্ডে আবুল আলী ও ৯ নম্বর ওয়ার্ডের মো. ইউনুছ মনোনয়নপত্রের সঙ্গে আয়কর সনদ জমা দেননি। সে কারণে বাছাইয়ে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাঁরা ৫ মের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।