বাছাইয়েই বিজয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ভোটের আগেই ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা গোপন ব্যালটের মাধ্যমে ওয়ার্ডের একজনকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাছাই করেছেন। নির্বাচনের পর তিনিই হবেন ওয়ার্ডের ইউপি সদস্য। কেশবপুরে আগামী ২৮ মে ভোট হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুফলাকাটি ইউনিয়নের কালীচরণপুর গ্রামে প্রতিবারের মতো এবারও ইউপি নির্বাচনের আগে একক ইউপি সদস্য প্রার্থী বাছাইয়ের জন্য বুধবার রাত আটটার দিকে বৈঠক বসে। কালীচরণপুর জনকল্যাণ সমিতি ও লাইব্রেরি মাঠে গ্রামের কয়েক শ লোকের উপস্থিতিতে একজনকে বাছাই করা হয়। গ্রামটিকে নয়টি ওয়ার্ডে ভাগ করে প্রতিটি ওয়ার্ড থেকে তিনজন করে প্রতিনিধি নেওয়া হয়। এরপর ইউপি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন দুলাল চন্দ্র পশারী, সুজিত হালদার ও তড়িতানন্দ মণ্ডল। এরপর ওই প্রতিনিধিরা গোপন ব্যালটে ভোট দেন। এ গ্রামের ভোটার সংখ্যা প্রায় দেড় হাজার।
নির্বাচনে দুলাল চন্দ্র পশারী ৬, তড়িতানন্দ মণ্ডল ২ ও সুজিত হালদার ১৮ ভোট পান। একজন ভোটদানে বিরত থাকেন। নিয়ম অনুযায়ী সুজিত হালদারই আগামী নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীচরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কুমার সরকার। তরুণ সরকার বলেন, ‘১৯৮১ সাল থেকে এভাবেই আমাদের গ্রাম থেকে নেতা নির্বাচন করে দেওয়া হয়। এখন পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি। প্রতিবার নতুন একজনকে নেতা নির্বাচন করে দেওয়া হয়।’