বাছিরনের পরীক্ষা দেখতে ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া মেহেরপুরের ৬৫ বছর বয়সী বাছিরন নেছার পরীক্ষা দেখতে গেলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান। সেই সঙ্গে তাঁকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গাংনীর হোগলবাড়িয়া-মহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন বাছিরন। গতকাল সোমবার দুপুরে ওই কেন্দ্রে গিয়ে বাছিরনের পরীক্ষার খোঁজখবর নেন ইউএনও আরিফ। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাছিরনকে দেখতে গিয়েছিলাম। তাঁর কক্ষে গেলে তিনি পরীক্ষা দেওয়ায় ব্যস্ত ছিলেন। এটা দেখে খুবই ভালো লেগেছে। তিনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সমাজকে একটা বার্তা দিচ্ছেন। সব পরীক্ষা শেষে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়া হবে।’

বাছিরনের বাড়ি গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায়। তিনি গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

খুব ছোটবেলায় একই গ্রামের রইলউদ্দীনের সঙ্গে বাছিরনের বিয়ে হয়েছিল। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা যান। এরপর দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়েছে। এখন থাকেন ছেলের সংসারে।