বাছুরসহ গাভি পেলেন অ্যাসিডদগ্ধ শাহানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার অ্যাসিডদগ্ধ শাহানারাকে গতকাল শনিবার বাছুরসহ একটি গাভি দেওয়া হয়েছে। তাঁর পরিবারকে এখন আর অনাহার-অর্ধাহারে থাকতে হবে না। শাহানারার দুই চোখে এখন বেঁচে থাকার স্বপ্ন।

অ্যাসিডদগ্ধদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেনের সামনে তাঁর হাতে ওই বাছুরসহ গাভি তুলে দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে ভাইস চেয়ারম্যান মোহামঞ্চদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিল কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল প্রমুখ।

১৬ বছর আগে গোবিন্দগঞ্জের দরগাপাড়া গ্রামের শামছুল হকের মেয়ে শাহানারার সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নীলকিপুর গ্রামের তোতা মিয়ার বিয়ে হয়। ২০০৪ সালের ৩১ অক্টোবর তোতার সঙ্গে তাঁর চাচা জিন্নাহ মিয়ার জমিজমা নিয়ে সংঘর্ষ হয়। এ সময় শাহানারাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে জিন্নাহ। এতে তাঁর ডান হাত, মাথার বাঁ পাশ, গাল ও নাকের একাংশ ঝলসে যায়।