বাজছে 'বিদ্রোহী' প্রার্থীদের দামামা
পাবনার সাতটি পৌরসভার মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগ ও বিএনপির বড় দুই দলে মেয়র পদে বিদ্রোহীরাই বেশ তোড়জোড় করে প্রচারণায় নেমেছেন। দুই দল থেকেই এসব বিদ্রোহীকে দমাতে নানা কথা বলা হলেও কেউ তা শুনছে না। এতে এসব বিদ্রোহীকে নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে দুই দলের মনোনীত প্রার্থীদের মধ্যে।
পাবনা সদর পৌরসভায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক কামিল হোসেন। তিনি গত রোববার রাতে সমর্থকদের নিয়ে শহরের আবদুল হামিদ সড়কে মহড়া দেন। এ সময় তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা করে নিজের প্রার্থিতা বজায় রাখার ঘোষণাও দেন। তিনি বলেন, ‘প্রার্থী হিসেবে আমার যোগ্যতা বেশি। আমার পক্ষেই পৌরবাসীর সমর্থন। তাই আমি নির্বাচনে লড়তে চাই।’
এ পৌরসভায় বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ। দলের বিদ্রোহী অংশ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র কামরুল হাসান। তিনি বলেন, ‘আমি পাবনা পৌরসভা থেকে দুবার নির্বাচিত মেয়র। পৌরসভায় বহু উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পৌরবাসী আমাকে আবারও চায়। তাই নির্বাচন করছি।’
সুজানগর থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব। স্বতন্ত্র হিসেবে লড়ছেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আফসার আলী মোল্লা। তোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়র হিসেবে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। সুজানগর পৌরসভাকে আমি দ্বিতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। ফলে পৌরসভার মানুষ আমাকে চায়।’
এ পৌরসভায় বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস। ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস। তাঁরা দুজন আবার সম্পর্কে চাচাতো ভাই। কামাল হোসেন বলেন, ‘আমি পরীক্ষিত। পৌরবাসী ও দলের তৃণমূল নেতা-কর্মীরা আমাকে চান। আমি নির্বাচনে লড়ব।’
ভাঙ্গুড়া পৌরসভায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান। এ পৌরসভায় বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মজিবর রহমান। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবদুল মালেক ও মহবুবুল আলম।
চাটমোহরে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সাখাওয়াত হোসেন। স্বতন্ত্র হিসেবে লড়ছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম। তিনি বলেন, ‘আমি নির্বাচিত মেয়র। পৌরবাসীর ভোটেই নির্বাচিত হয়েছি। তাঁদের জন্য কাজ করেছি। ভোটাররা আবারও আমাকে চান। তাই আমি নির্বাচন করব।’ এ পৌরসভায় বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মান্নান।
সাঁথিয়ায় দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি নফিজ উদ্দিন সরকার। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। আর স্বতন্ত্র হিসেবে লড়ছেন উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আশিক ইকবাল।
ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ। স্বতন্ত্র হয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আলাল। তিনি বলেন, ‘আমি কোনো বিদ্রোহী প্রার্থী নই। দল থেকে মনোনয়নও চাইনি। পৌরবাসীর চাওয়া থেকে নির্বাচনে অংশ নিয়েছি।’
ফরিদপুর বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান পৌর বিএনপির উপদেষ্টা এনামুল করিম। স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা এমদাদুল হক। দুই প্রার্থী সম্পর্কে ভাই।
বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে দুই দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, তাঁরা দলীয় প্রধানদের সিদ্ধান্তে প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। ফলে কেন্দ্র যা বলবে, তা-ই হবে।