বাজপেয়ির কাছে মুক্তিযুদ্ধ সম্মাননা পৌঁছালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেছেন। খবর এনডিটিভি ও বাসসের।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নরেন্দ্র মোদি অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের কাছে গতকাল ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেন। অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
নরেন্দ্র মোদি বঙ্গভবনে ৭ জুন আয়োজিত এক অনুষ্ঠানে বাজপেয়ির পক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। অসুস্থতার কারণে বাংলাদেশে এসে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি ৯০ বছর বয়সী বাজপেয়ি।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সক্রিয় সমর্থন দেওয়ায় বাজপেয়িকে এ সম্মাননা দেওয়া হয়। ওই সময়ে বাজপেয়ি ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য ছিলেন।
বাজপেয়ির পরিবারের কাছে সম্মাননা তুলে দেওয়ার পর নরেন্দ্র মোদি গতকাল তাঁর টুইটারে লেখেন, ‘অটলজির সঙ্গে দেখা করে ও তাঁর পরিবারের হাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দিতে পেরে আনন্দিত।’
মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন বিদেশি বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা জানিয়ে আসছে সরকার। ইতিমধ্যে অনেক বিদেশি বন্ধুকে সম্মাননা জানানো হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ২০১২ সালের ২৫ জুলাই মরণোত্তর সম্মাননা জানানো হয়। ইন্দিরার পুত্রবধূ ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ওই সম্মাননা গ্রহণ করেন। এরপর ২০১৩ সালের ৪ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননা দেওয়া হয়।