মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু হিসেবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে সম্মাননা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। ভারতের ক্ষমতাসীন ভারতীয় জানতা পার্টির (বিজেপি) এই নেতা শারীরিকভাবে অসুস্থ্ থাকায় নয়াদিল্লিতে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হতে পারে।
মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ায় গঠিত জাতীয় কমিটির সদস্য শাহরিয়ার কবিরের বরাত দিয়ে গতকাল শনিবার ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় গত তিন বছরে প্রায় ৩০০ ভারতীয় নাগরিককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁরা সবাই ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বা ঢাকায় প্রতিনিধি পাঠিয়ে এ পুরস্কার গ্রহণ করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বাজপেয়ির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হতে পারে নয়াদিল্লিতে।
শাহরিয়ার কবিরের উদ্ধৃতি দিয়ে খবরে আরও বলা হয়, ‘বাজপেয়ি বাংলাদেশের ওই সব ভারতীয় বন্ধুর একজন যিনি শারীরিকভাবে সুস্থ নন। পুরস্কার গ্রহণ করতে তাঁর ঢাকা আসা সম্ভব নয়। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে তাঁকে ওই সম্মাননা দেওয়ার প্রস্তাবটি দেওয়া হতে পারে।’
খবরে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন সাংসদ অটল বিহারি বাজপেয়ি বাংলাদেশের পক্ষে সোচ্চার ছিলেন এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রচারও চালান।