বাজপেয়ির ক্রেস্ট তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হবে। কিন্তু এ সম্মাননার ক্রেস্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নথিপত্রে বলা হয়েছে, আগে সম্মাননার ক্রেস্ট তৈরির দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। ক্রেস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এবং এ নিয়ে তদন্ত অব্যাহত থাকায় প্রধানমন্ত্রী এবার ক্রেস্ট তৈরির দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সাজ্জাদ জহিরের সহযোগিতায় ক্রেস্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এই সম্মাননা তাঁর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী একটি সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এর আগে বাজপেয়িকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
অটল বিহারি বাজপেয়িকে ক্রেস্ট দেওয়া ছাড়াও একাত্তরে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁদের পরিবারকে সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাজপেয়িকে সম্মাননা দেওয়া সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুমোদিত সারসংক্ষেপে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি অটল বিহারি বাজপেয়ি মুক্তিযুদ্ধের প্রথম থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নেন। ওই সময় ভারতীয় জনসংঘের সভাপতি এবং লোকসভার সদস্য হিসেবে তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং মুজিবনগর সরকারকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন ভারত সরকারের কাছে দাবি জানান। তাঁর নেতৃত্বে ভারতীয় জনসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যাগ্রহ আন্দোলন ও প্রতিবাদ র্যালির আয়োজন করে। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি।
এর আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে পাঠানো সারসংক্ষেপে বলা হয়, অটল বিহারি বাজপেয়িকে দেওয়ার মতো মানসম্পন্ন কোনো ক্রেস্ট বর্তমানে মন্ত্রণালয়ে মজুত নেই। যেহেতু সময়ের স্বল্পতা, তাই বিধি মোতাবেক স্পট কোটেশন সংগ্রহের মাধ্যমে পূর্বানুমোদিত নমুনা অনুসারে ৩০ ভরি জার্মান সিলভারের (রৌপ্য) তৈরি জাতীয় স্মৃতিসৌধের নকশার ওপর ২২ ক্যারেট মানসম্পন্ন ১৪ গ্রাম স্বর্ণের কোট এবং লোগো, লক ও কবজায় ৮ দশমিক ৫ গ্রাম স্বর্ণের কোটসহ ২২ দশমিক ৫ গ্রাম স্বর্ণের ক্রেস্ট ও সাইটেশন প্রস্তুত করা যেতে পারে।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঠিত যৌথ পরামর্শক কমিশনের তৃতীয় বৈঠকের সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে অটল বিহারী বাজপেয়িকে সম্মাননা দেওয়ার কথা ছিল। পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অপারগতা প্রকাশ করায় তা আর হয়নি। সে সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এনায়েত উল্লাহ খান পররাষ্ট্রসচিবকে দেওয়া চিঠিতে জানান, বিদেশি বন্ধুদের সম্মাননা হিসেবে দেওয়া ক্রেস্টে সোনা-রুপার পরিমান ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরবরাহকারীদের বিরুদ্ধে মামলাও চলছে। তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত এ মন্ত্রণালয় থেকে নতুন করে ক্রেস্ট তৈরি বা পুরোনো ক্রেস্ট দেওয়া যথাযথ হবে না।
ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারকে সম্মাননা: মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাসদস্যের পরিবারের প্রতি সম্মান প্রর্দশনসংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে দ্বিপাক্ষিক আলোচনার সময় প্রধানমন্ত্রী এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করবেন। এ-সংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়, একাত্তরের ৩ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের আনুষ্ঠানিক অংশগ্রহণের পর থেকেই মিত্রবাহিনীর অংশ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের মুক্তিযোদ্ধা ও গণমানুষের সঙ্গে একাত্ম হয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধরত অবস্থায় ভারতীয় সশস্ত্র বাহিনীর ১ হাজার ৯৮৪ জন বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে আজও তাঁদের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি বা সম্মাননা দেওয়া হয়নি। এসব শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান দেওয়া দেশের জাতীয় কর্তব্য। এ কারণে শহীদদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি কৃতজ্ঞতাসূচক পত্র, সনদ ও একটি সৌজন্য উপহার এবং জাতীয় স্মৃতিসৌধের আদলে পিতল বা রুপার ক্রেস্ট দেওয়া যেতে পারে। এটি দুই দেশের মধ্যে নতুন মাত্রা যোগ করবে।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, অটল বিহারি বাজপেয়ির ক্রেস্টটি ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হতে পারে। ক্রেস্টটি তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারকে সম্মাননা দেওয়া হতে পারে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে বিদেশিদের মধ্যে সাত পর্বে ৩৩৮টি ক্রেস্ট দেওয়া হয়। কিন্তু ওই ক্রেস্টে সোনা ও রুপা জালিয়াতি হয়। ‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে গত বছরের ৬ এপ্রিল প্রথম আলোতে খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটি, অধিকতর তদন্ত কমিটি, সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। থানায় মামলা এবং হাইকোর্টে রিটও হয়। অধিকতর তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। অগ্রগতি নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তেরও।