
ছুটির বাঁশি বাজল। আজ বিজয়া দশমীর, পরের তিন দিন ঈদুল আজহার, এর সঙ্গে দুই দিন সাপ্তাহিক। একুনে ছয় দিন। বলতে গেলে পুরো সপ্তাহ ছুটির ফাঁদে। ঘরে ফেরার পালা শুরু হয়েছিল আরও তিন দিন আগেই। বাড়তি ছুটি নিয়ে গত শুক্রবার থেকে রওনা দিয়েছেন অনেকে।
শুধু যে ঢাকা থেকেই লোকজন যাচ্ছেন তা নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটসহ বিভিন্ন শহরে যাঁরা জীবিকার প্রয়োজনে থাকেন, ব্যাগ-বাক্স নিয়ে ছুটছেন তাঁরাও। তবে রাজধানী থেকেই সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে তাঁদের বাড়ির পথে যাত্রা করেন। ঈদ আর পূজা একসঙ্গে হওয়ায় এবার ঘরে ফেরার লোকসংখ্যা তুলনামূলক বেশি। সে কারণে দূরপাল্লার বাস টার্মিনাল, রেলস্টেশন আর লঞ্চঘাটে এখন ঘরমুখী মানুষের মহাসমারোহ।
অনেকে আগাম টিকিট সংগ্রহ করেছেন, অনেকে চেষ্টা করেও সংগ্রহ করতে পারেননি। বাড়তি রাহা খরচ করে যেতে হচ্ছে যাত্রীদের। বাস ছাড়ার নির্ধারিত সময়ও ওলট-পালট হয়ে যাচ্ছে পথে যানজটের কারণে। হুজ্জতি-হেনস্তা কম নয়। তার পরও মুখে হাসি লেগেই থাকে। মনে থাকে অনির্বচনীয় আনন্দের ধারা। সেই যে সংস্কৃত শ্লোক আছে ‘উৎসবে ব্যসনে চৈব...’ সেই হলো মোদ্দা কথা। তাঁরাই আপনজন, তাঁরাই সুহূদ, উৎসবে যাঁরা পাশে থাকেন। সেই আপনজনের সান্নিধ্যে যাওয়ার যে তাড়া অগণিত মানুষ অনুভব করেছেন হূদয়ের স্পন্দনে, তার কাছে পথের ধকল তুচ্ছ। এই যাত্রা তাই শুধুই যাওয়া নয়, মানুষের এক অনন্য মানবিক মহিমার স্বপ্রকাশেও ভাস্বর।
যাঁরা ঢাকায় থাকবেন তাঁরও এক অন্য রকম আনন্দ পাবেন চলাফেরায়। ১০ মিনিটের দূরত্বে যেতে ঘণ্টা খানেক পথে আটকে থাকতে হবে না। পৌঁছানো যাবে সময়মতোই। রাজধানীতে বছরে দুবার সপ্তাহ দেড়েকের জন্য মেলে সাবলীল গতিতে চলার এই সুযোগ। আজ থেকেই দুর্বিষহ জটলামুক্ত হবে সড়কগুলো। যানবাহনের হর্ন, চিৎকার- চেঁচামেচিতে উচ্চকিত শহরে নেমে আসবে নিরিবিলি পরিবেশ। নতুন উড়ালসড়ক হলো মহানগরে। তো সেই উড়ালসড়কেও হয়তো এবার বেড়াতে যাবেন অনেকে। তখন পথ চলতে গিয়ে মনে হতেই পারে ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে’।
কিন্তু এই আনন্দ দীর্ঘায়ু হবে না, এই হলো আক্ষেপের বিষয়। সখেদে মনে হবে শহরটি যদি এমন ছিমছাম স্বস্তিকর থাকত সব সময়!
এ কথা সবারই জানা যে চাওয়া-পাওয়া একসঙ্গে মেলানো সহজ নয়, কিন্তু তা অসম্ভবও নয়। তবু অসম্ভবের মতোই যেন হয়ে আছে দেশবাসীর অনেক গভীর প্রত্যাশা। এখন আনন্দের দিন, উৎসবের মৌসুম। উৎসব শক্তিও। সেই শক্তি দিয়ে যেন অসম্ভবের পায়ে মাথা কুটে মরা আমাদের অনেক প্রত্যাশাকে বাস্তবে পূরণ করে নিতে পারি।