বাজল না মাদল, হলো না নাচ-গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য বছরের মতো এবার মাদল বাজেনি। হয়নি নাচ-গান। বরং সবার চোখেমুখে আতঙ্ক ও হতাশার ছাপ। এ রকম নিরানন্দ পরিবেশে গতকাল রোববার খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

গতকাল গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রাম ঘুরে দেখা গেল, উৎসবের দিনেও সাঁওতালদের মধ্যে আনন্দ নেই। সবার চোখে কেবল আতঙ্ক ও হতাশার ছাপ। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে বলেন, দুই গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের দুই থেকে আড়াই হাজার লোক বাস করে। এদের অধিকাংশই খ্রিষ্টধর্মাবলম্বী। প্রতিবার দিনভর নাচ-গান, পটকা ফোটানো, নতুন জামা-কাপড় পরে বড়দিনের আনন্দে মেতে থাকে এখানকার শিশু-কিশোর, বয়োবৃদ্ধ সবাই। কিন্তু এ বছর তা নেই। এবার তাদের ঘরে ভালো খাবার নেই, নেই স্ত্রী ও ছেলেমেয়ের নতুন কাপড়।

স্থানীয়রা বলেন, গত বছর দুই গ্রামে ছিল আনন্দ-উল্লাস। এবার দুই গ্রামে নীরবতা আর তাঁবুতে বাসের চিত্র। কেউ ঘরে, কেউ তাঁবুর পাশে, কেউ তাঁবুর ভেতরে বসে আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দিন উপলক্ষে ২৩ ডিসেম্বর ১৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। উৎসবের জন্য সাহায্য বলতে এতটুকুই।

বড়দিন কেমন কাটছে—জানতে চাইলে মাদারপুর গ্রামের বার্না বাস বললেন, ‘প্রায় এক মাস ২০ দিন আগে আমাদের তিনজন লোক মারা গেল। ঘরে আগুন দেওয়া হলো। সেই শোকই কাটেনি। এর মধ্যে বড়দিনের আনন্দ করব কীভাবে। গত বছরের বড়দিনে দুই দিনব্যাপী আমরা আনন্দ করেছি। দুই গ্রামের বাড়ি বাড়ি বাদ্যযন্ত্র বাজিয়ে সবাই নাচ-গান করেছে। নতুন কাপড় পরে শিশুরা হইচই করেছে, রং নিয়ে খেলেছে। এবার সেই সব আনন্দ নেই। যেটুকু হয়েছে, তা কেবল ধর্মীয় নিয়ম ও শিশুদের মন রক্ষার জন্য।’ নিকলতা টুডু বললেন, ‘এ বছর বড়দিনে নতুন কাপড় কিনতে পারিনি। কিনব কীভাবে, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। ৬ নভেম্বরের ঘটনায় আমরা নিঃস্ব।’

সাঁওতালপল্লিতে আনন্দ না থাকলেও ধর্মীয় প্রথা অনুযায়ী প্রার্থনা ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকাল ১০টায় মাদারপুর গির্জার সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচ শতাধিক সাঁওতাল এই গির্জায় প্রার্থনায় অংশ নেন। শুরুতেই মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে সাঁওতালদের কয়েকটি শিশু গান পরিবেশন করে। এ ছাড়া বেলা ১১টায় মাদারপুরের পার্শ্ববর্তী আদমপুর মিশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান প্রমুখ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, মাদারপুর ও জয়পুর সাঁওতালপল্লিতে বড়দিনের উৎসব যাতে নির্বিঘ্নে হয় সে জন্য পুলিশ প্রশাসনের নজরদারি ছিল।