চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ও সাখুয়া ইউনিয়নে মেঘনার ভাঙনে ছয় শতাধিক পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। জামালপুরের সরিষাবাড়ীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পাকা ভবন যমুনায় বিলীন হয়ে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে হাজীগঞ্জ বাজারের ট্রলারঘাটের ২০ মিটার পদ্মায় বিলীন হয়ে গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর: সদর উপজেলার ইব্রাহীমপুর ও সাখুয়া ইউনিয়নে গত দেড় মাসে প্রায় আড়াই কিলোমিটার এলাকার ছয় শতাধিক পরিবারের ভিটেবাড়ি মেঘনাগর্ভে বিলীন হয়ে গেছে। এসব পরিবার আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী উঁচু জায়গা অথবা বেড়িবাঁধে। এলাকাবাসীর দাবি, কোনো সরকারই চাঁদপুরের নদীভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি। গত দুই বছরে চারবার মেঘনার ভাঙনের শিকার মুক্তিযোদ্ধা মাহমুদ আলী লস্কর জানান, দেড় মাস আগে সর্বশেষ ভাঙনের পর ঘরবাড়ি সরিয়ে আশ্রয় নিয়েছেন চাঁদপুর সেচ প্রকল্পের পুরোনো বেড়িবাঁধে। এটিও এখন ভাঙনের মুখে। এরপর কোথায় যাবেন তা তিনি নিজেও জানেন না। ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল মিয়াজী জানান, পূর্ব জাফরবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে চলে যাওয়ায় সাড়ে চার শতাধিক ছাত্রছাত্রীর লেখাপড়া এখন বন্ধ। সরিষাবাড়ী (জামালপুর): ১৪ সেপ্টেম্বর উপজেলার পিংনা ইউনিয়নের মীরকুটিয়া প্রকাশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পাকা ভবন যমুনার গর্ভে বিলীন হয়। ফলে ২৫৪ জন শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান জানান, কয়েক দিনের মধ্যে শিক্ষার্থীদের পাঠদানের জন্য টিন দিয়ে ছাপরা ঘর তৈরি করে দেওয়া হবে।ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের ট্রলারঘাটের ২০ মিটার এলাকা পদ্মায় বিলীন হয়ে গেছে। এ ছাড়া প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল ধরেছে। ফলে হাজীগঞ্জ বাজার হুমকির মুখে পড়েছে। বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মোল্লা জানান, গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের পূর্ব দিকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের অংশ হিসেবে ২০০৮ সালে নির্মাণ করা সিসি ব্লকগুলো ধসে পড়ায় এ ঘটনা ঘটে।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক বলেন, রোববার রাতে এ ভাঙন সৃষ্টির পর থেকেই বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। ফলে ভাঙন আপাতত নিয়ন্ত্রণে এসেছে।