বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ীদের সঙ্গে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন l ছবি: প্রথম আলো
ব্যবসায়ীদের সঙ্গে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম জেলা প্রশাসনের বেঁধে দেওয়া দামে পাইকারি বাজার থেকে ছোলা ও মসুর ডাল কিনতে পারছেন না বলে অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। তাঁদের এ অভিযোগ সত্য বলে স্বীকার করে নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, যাঁরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন, অভিযান চালিয়ে তাঁদের জেল-জরিমানা করা হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
এর আগে গত বৃহস্পতিবার খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারক লোকজনের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। ওই বৈঠকে ঘোষণা দেওয়া হয়, পাইকারি বাজারে প্রতি কেজি ছোলা ৭৫ টাকা দরে বিক্রি করা হবে।
তবে গতকালের সভায় কাজীর দেউড়ি বাজার সমিতির সভাপতি আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ‘পাইকারি ব্যবসায়ীদের আশ্বাসের ভিত্তিতে পুরো খাতুনগঞ্জ ঘুরে সবচেয়ে নিম্নমানের ছোলাও ৭৫ টাকায় কিনতে পারিনি। তাহলে খুচরা বাজারে কীভাবে কম দামে পণ্য বিক্রি করব?’
পরে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘৭৫ টাকার বেশি দামে ছোলা বিক্রি করার কোনো কারণ নেই। কিন্তু পাইকারি বাজারে এখনো সেটি মানা হচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। সরকারকে বিব্রত করতে একটি পক্ষ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ তিনি বলেন, ইতিমধ্যে বাজার তদারকি শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দু-এক দিনের মধ্যে অঞ্চলভিত্তিক ৮-১০টা কমিটি করে অভিযান শুরু হবে। কেউ বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে তাঁকে জেল-জরিমানা করা হবে।
জেলা প্রশাসক ক্রেতাদের উদ্দেশে রসিকতা করে বলেন, ‘চিনি, ছোলা কম খান। কম খেলে আমদানিকারকদের সিন্ডিকেট সাইজ হয়ে যাবে।’
সভায় ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। এই জায়গাতেই ব্যবস্থা নেওয়া দরকার। জেলা প্রশাসনের সঙ্গে সরকারের অন্যান্য সংস্থাকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, ‘সয়াবিন তেল ও চিনির বাজার খাতুনগঞ্জের হাতে নেই। এর বাইরে অন্যান্য পণ্যের দাম বেশি নেওয়া হলে আমাদের সুনির্দিষ্টভাবে অভিযোগ দেবেন, ব্যবস্থা নেব।’
মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী ছাড়াও কয়েকটি বাজার সমিতির নেতা, সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও ক্যাবের চট্টগ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।