বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান সামনে রেখে চট্টগ্রামে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ছোলা, মসুর ডালসহ কয়েকটি পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও পাইকারি বাজারে সেটি মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। জেলা প্রশাসকও এ অভিযোগের সঙ্গে একমত হয়ে বলেছেন, যাঁরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন, অভিযান চালিয়ে তাঁদের জেল-জরিমানা করা হবে।

আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকেরা ঘোষণা দিয়েছিলেন যে তাঁরা ৭৫ টাকায় ছোলা বিক্রি করবেন। কিন্তু পাইকারি বাজারে এখনো সেটি মানা হচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। সরকারকে বিব্রত করতে একটি পক্ষ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ইতিমধ্যে বাজার তদারকি শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দু-একদিনের মধ্যে অঞ্চলভিত্তিক ৮-১০টি কমিটি করে অভিযান শুরু হবে। কেউ বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে তাঁকে জেল-জরিমানা দেওয়া হবে।

জেলা প্রশাসক ক্রেতাদের উদ্দেশ করে রসিকতার সুরে বলেন, ‘চিনি, ছোলা কম খান। কম খেলে আমদানিকারকদের সিন্ডিকেট সাইজ হয়ে যাবে।’

সভায় কাজীর দেউড়ি বাজার সমিতির সভাপতি আবদুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘পাইকারি ব্যবসায়ীদের আশ্বাসের ভিত্তিতে পুরো খাতুনগঞ্জ ঘুরে সবচেয়ে নিম্নমানের ছোলাও ৭৫ টাকায় কিনতে পারিনি। তাহলে খুচরা বাজারে কীভাবে কম দামে পণ্য বিক্রি করব?’

ভোক্তাদের সংগঠন ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। এ জায়গাতেই ব্যবস্থা নেওয়া দরকার। জেলা প্রশাসনের সঙ্গে সরকারের অন্যান্য সংস্থাকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, সয়াবিন তেল ও চিনির বাজার খাতুনগঞ্জের হাতে নেই। এর বাইরে অন্যান্য পণ্যের দাম বেশি নেওয়া হলে আমাদের সুনির্দিষ্টভাবে অভিযোগ দেবেন, ব্যবস্থা নেব।

মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী ছাড়াও কয়েকটি বাজার সমিতির নেতা, সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।