বাজার আর জমে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিমল দেবনাথ ১০ মাস আগেও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের একজন ছিলেন। এখন তিনি দিনমজুর। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেন। বাধ্য হয়েই তাঁকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। শুধু পরিমল নন, তাঁর মতো অনেক ব্যবসায়ী সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন।
পরিমল জানান, তাঁর চার সদস্যের সংসার। বড় ছেলে যশোর এমএম কলেজে স্নাতকের শিক্ষার্থী। কথাগুলো বলতে গিয়ে তাঁর চোখ ভিজে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, তাঁর ছোট ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। স্ত্রী গৃহিণী। ১০ মাস আগে তাঁর সবই ছিল। এখন ভ্যানই তাঁর সম্বল। ভ্যান চালিয়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। তা দিয়েই সংসার চলে। দোকান পোড়ানোর আগে বেসরকারি সংস্থার ৭০ হাজার টাকা ঋণ ছিল। প্রতি সপ্তাহে ওই ঋণও পরিশোধ করতে হচ্ছে তাঁকে।
স্থানীয় লোকজন জানান, যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাজারটি বাণিজ্যিক এলাকা। ৫ জানুয়ারি নির্বাচনের রাতে এবং পরের দিন সকালে এলাকার জামায়াতের কর্মী আবদুর রাজ্জাক মালীর নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে দুই দফায় বাজারের ১০টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। চলে লুটপাট।
গড়ভাঙ্গা গ্রামের নূর আলী গাজী (৭০) ও ডোঙ্গাঘাটা গ্রামের চিত্তরঞ্জন গোলদার (৬৭) বলেন, এই বাজার খেজুরের গুড়, ধান, পাট, নারকেল, সুপারির জন্য বিখ্যাত ছিল। ওই ঘটনার পর আগের মতো লোকসমাগমও নেই, বাজারও জমে না।
গত মঙ্গলবার হাটের দিনে সরেজমিনে দেখা যায়, বাজারে তেমন লোকজন নেই। ব্যবসায়ীরা বলেন, বাজার পোড়ানোর ঘটনার পর মানুষ ভয়ে-আতঙ্কে আসতে চায় না। অপরদিকে পুঁজি হারিয়ে ব্যবসায়ীরাও দিশেহারা।
মনিরামপুর উপজেলার আশানগর গ্রামের সুশান্ত সরকার বলেন, ‘২৫ বছর ধরে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার হাটের দিন এই বাজারে আসি। বাজারের দোকান পোড়ানোর কারণে আশানগর, বাটবিলা, হরিণা, ডোঙ্গাঘাটা এলাকার মানুষ এখানে আসতে ভয় পায়।’
নারকেল ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, বাজারে আর আগের মতো নারকেল ওঠে না। সুপারি ব্যবসায়ী রবিউল বলেন, ‘আগে প্রতি হাটে ১৫-২০ বস্তা সুপারি কিনতাম। এখন দুই-তিন বস্তাও কিনতে পারি না।’
ব্যবসায়ী নান্টু গোলদার বলেন, তাঁর দোকানে এক লাখ ২০ হাজার টাকার কাপড়, দুটি সেলাই মেশিন ও আসবাব ছিল। ওই ঘটনায় সব পুড়িয়ে দেওয়া হয়। পুঁজি হারিয়ে তিনি জমিতে দিনমজুরের কাজ করছেন। হিসাবের খাতা পুড়িয়ে দেওয়ায় পাওনা টাকাও আদায় করতে পারছেন না।
সার ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘আমার আট লাখ টাকার মাল পুড়িয়ে দেওয়া হয়। আমি আওয়ামী লীগের কর্মী হয়েও নেতাদের কাছে কোনো সাহায্য পাচ্ছি না। কেউ সামান্য সান্ত্বনাও দেয়নি।’
গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল বাহার বলেন, ‘ওই ঘটনায় আমার পাটের গুদাম পুড়িয়ে দেওয়া হয়। এত ক্ষয়ক্ষতির পরও ব্যবসায়ীরা কোনো সরকারি সাহায্য পাননি। উল্টো এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মামলার আসামিরা জামিনে বের হয়ে হুমকি দিচ্ছে। ভয়ে বাজারে লোকজন না আসায় ব্যবসায়ীদের বেচাকেনাও নেই।’
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন বলেন, ‘গড়ভাঙ্গা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো সহযোগিতা পাওয়া যায়নি।’