তাঁরা বেরিয়েছিলেন মেসের জন্য বাজার করতে। সঙ্গে ছিল মেসের সদস্যদের জমা দেওয়া ১০ হাজার টাকা, আর নিজ নিজ মুঠোফোন। কিন্তু শাহবাগ থেকে কারওয়ান বাজরের বাসে উঠেই সব খুইয়েছেন। ভুক্তভোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের বাসিন্দা। ঘটনা নিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মেসের কর্তৃপক্ষ।সাধারণ ডায়েরিতে ছাত্ররা বলেছেন, হলের ‘নিমন্ত্রণ’ মেসের জন্য বাজার করতে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় সেফটি পরিবহনের একটি বাসে (বাস নম্বর-১১৩০৬৫) ওঠেন তাঁরা। এ সময় বাসের স্টাফসহ সাত থেকে আটজন মিলে নগদ টাকা ও তাঁদের মুঠোফোন নিয়ে যায়। এ সময় ওই লোকগুলো তাঁদের চোখে মলম লাগিয়ে দেয় ও চাপাতি দিয়ে আঘাত করে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থেকে সেফটি পরিবহনের একটি বাস আটক করে হলে নিয়ে আসেন।এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক গাড়িটি শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে টাকা, মালামাল ও চিকিৎসার টাকা আদায় করা হবে বলে জানান তিনি।