বাজার চাঙা শীতবস্ত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতবস্ত্র বিক্রেতাদের ‘মাথায় হাত’ ছিল এত দিন। কেউ বলছিলেন, শীত তো পড়ছেই না! তবে কি এবার শীতবস্ত্র আলমারিতেই রয়ে যাবে? বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এ চিত্রটা বদলে গেছে গতকাল শুক্রবার সকাল থেকে।
শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত পড়েছে এই এলাকায়। এ কারণে লেপ-তোশকের দোকানের পাশাপাশি মার্কেটগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় করছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা। আর নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী গরিব মানুষেরা যাচ্ছে ফুটপাতে পসরা সাজিয়ে বসা কম দামের শীতবস্ত্র বিক্রেতাদের কাছে। অন্য বছরের চেয়ে এবার কাপড়ের দাম বেশি বলে জানালেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানিকারকেরা পুরোনো কাপড়ের দাম দফায় দফায় বাড়িয়ে দেওয়ায় লাভ হচ্ছে সীমিত।