
রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তর করা নিয়ে সাধারণ ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে টানাপোড়েন চলছে। সিটি করপোরেশন বলছে, স্থানান্তরের জন্য নতুন তিনটি বাজার প্রস্তুত। কিন্তু ব্যবসায়ীদের বেশির ভাগই সেখানে যেতে রাজি নন। ফলে কবে নাগাদ কারওয়ান বাজারের ব্যবসায়ীরা সরবেন, তা এখনো অনিশ্চিত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা যায়, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সরিয়ে নেওয়ার জন্য মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে ১ হাজার ৮০৪টি দোকান প্রস্তুত। ব্যবসায়ীরা কে কোন এলাকায় যেতে চান, সে বিষয়ে জানতে তাঁদের ফরমও দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নতুন ভবনগুলোয় দোকান এখনই ব্যবহার উপযোগী। ব্যবসায়ীদের কাছ থেকে শুধু ভবনের নির্মাণ-ব্যয় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা চান বিনা মূল্যে দোকান। আবার নতুন ভবনে বড় আড়ত চাচ্ছেন। ব্যবসায়ীদের জন্য সালামিতে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তারপরও তাঁরা রাজি হচ্ছেন না।
কারওয়ান বাজার ২ নম্বর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শামছুল আলম প্রথম আলোকে বলেন, প্রকল্পের শুরুতে শুধু কাঁচামালের আড়ত সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। ১ ও ২ নম্বর সুপার মার্কেট এবং কিচেন মার্কেট সরানোর বিষয়ে তখন কিছু বলা হয়নি। এরপর কয়েক মাস আগে থেকে বলা হচ্ছে সমগ্র কারওয়ান বাজারে কোনো দোকানই থাকবে না।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প’ পাস করে ২০০৬ সালের ৪ অক্টোবর। কৃষিপণ্যের বাজার ও সরবরাহব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজারের যানজট কমাতে প্রকল্পটি নেওয়া হয়। মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে পাইকারি কাঁচাবাজার নির্মাণের কথা ছিল। সিদ্ধান্ত ছিল, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের নতুন বাজারগুলোতে সরিয়ে নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন। ২০১০ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হলে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। তিন দফা সময় বাড়িয়ে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের জুনে কাজ শেষ হয়।
মহাখালীর বাজারটির নির্মাণকাজ সবার আগে শেষ হয়। ডিএনসিসির পক্ষ থেকে মহাখালীর বাজার চালুর প্রক্রিয়া শুরু করার পর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের এ বাজারের দোকানের জন্য আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু তাতে ব্যবসায়ীদের কাছ থেকে খুব একটা সাড়া মেলেনি।
কারওয়ান বাজারের ১ ও ২ নম্বর সুপার মার্কেট এবং কিচেন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের বেশির ভাগই দোকানের জন্য আবেদন করেননি। নতুন বাজারে দোকান নিতে কমবেশি ২৫ লাখ টাকা সালামি দিতে হবে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে তাঁরা আবেদন করেননি। আর কে কোন এলাকায় যেতে চান, তা জানানোর কোনো ফরম তাঁরা পাননি।
নতুন ভবনগুলোর বিষয়েও আপত্তি আছে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের ভাষ্যমতে, কারওয়ান বাজারের দোকানগুলো চারদিকে খোলা। নতুন বাজারগুলোতে দোকান বদ্ধ ও ছোট। এর একদিক খোলা। এসব দোকান আড়তের উপযোগী নয়। ডিএনসিসি সূত্রে জানা যায়, মেয়র আনিসুল হক তিনটি ওয়ার্ডের কাউন্সিলরকে কারওয়ান বাজার স্থানান্তর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে বলেছেন। কিন্তু ব্যবসায়ী সমিতির কয়েকজন হজ পালন করতে দেশের বাইরে থাকায় আলোচনা শুরু করা যায়নি।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, কারওয়ান বাজার থেকে সবাইকে সরতেই হবে। দ্রুত সরানোর বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হচ্ছে। কয়েক দিনের মধ্যে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বসা হবে। তখন কবে নাগাদ দোকান সরবে তা চূড়ান্ত করা হতে পারে।