বাজার নাকি সড়ক বোঝা কঠিন'
রাস্তায় সারি সারি ভ্যান। ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে শাকসবজি, ফল, মাছ। কোনো ভ্যানে লোহার খাঁচার ভেতরে মুরগি। পাতিলে করে মাছ নিয়েও বসেছেন অনেকে। যাঁদের ভ্যান নেই, তাঁরা কাঠের ছোট চৌকি বা প্লাস্টিকের টেবিলের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। চলছে হাঁকডাক, দরদাম, বেচাকেনা।
মিরপুর ১১ নম্বর ও ১২ নম্বর এলাকার মাঝ দিয়ে চলে যাওয়া কালশী সড়কের চিত্র এটি। কয়েক মাস ধরেই এভাবে দোকান বসিয়ে ব্যবসা করে যাচ্ছেন কিছু ভ্রাম্যমাণ দোকানি।
স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে বাজার বসে মূলত সকালে ও বিকেলে। সকালে ১০-১১টা পর্যন্ত ব্যবসায়ীরা এখানে বাজার বসান। পরে সারা দিন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বেচা-বিক্রির পরে বিকেলে আবার এখানে চলে আসেন। রাত ১০-১১টা পর্যন্ত চলে বেচাকেনা। রাস্তায় ভ্যানগাড়ি রাখায় ও রাস্তায় দাঁড়িয়ে বেচাকেনা করায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, কালশী রোডের মুসলিম এইড ইনস্টিটিউটের সামনের থেকে কালশী বাইতুর রহমান জামে মসজিদের সামনে পর্যন্ত সড়কের প্রায় আধা কিলোমিটারের বেশি এলাকাজুড়ে বসেছে এই বাজার। সড়কের দুই লেন দখলে নিয়ে রাখা হয়েছে ৬৩টি ছোট-বড় ভ্যানগাড়ি। একজন পথচারী বলেন, এমনভাবে দোকান বসানো হয়েছে যে এটি বাজার নাকি সড়ক বোঝা কঠিন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন বলেন, এলাকায় এমন কিছু খারাপ ছেলে আছে যারা দলীয় পরিচয় দিয়ে রাস্তায় এভাবে বাজার বসাচ্ছে। তাঁর একার পক্ষে তাদের ঠেকানো মুশকিল। কারণ, তাদের হাত লম্বা।