জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খাদ্যপণ্যের উচ্চমূল্যের জন্য ব্যবসায়ী মহলকে দায়ী করে বলেছেন, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ হচ্ছে। এ ক্ষেত্রে সরকার সাহসী ভূমিকা নিতে পারছে না।গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘খাদ্য, মানবাধিকার ও রাষ্ট্র’ শীর্ষক আলোচনা সভার একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মূল বক্তব্যে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ব্যাখ্যা করে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সুপারিশমালা তুলে ধরেন।খাদ্যবিষয়ক আন্তর্জাতিক প্রচারাভিযান ‘গ্রো’র সঙ্গে সংহতি জানাতে অক্সফামের সহযোগিতায় গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান-সিএসআরএল (ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডস) আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে ‘খাদ্য, মানবাধিকার ও রাষ্ট্র’ শীর্ষক আলোচনা সভা হয়।আলোচনা সভার শুরুতেই দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হক। গবেষণাপত্রে বলা হয়, ধান ও গম উ ৎ পাদনে বাংলাদেশ ২০০৫ সাল থেকে স্বয়ংসম্পূর্ণ। গত অর্থবছরে এ দুটি খাদ্যশস্য উ ৎ পাদনের পরিমাণ ছিল ৬০ লাখ টন। খাদ্যমূল্য বাড়ার জন্য শক্তিশালী সিন্ডিকেটকে দায়ী করে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে ১০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। এ দেশের মানুষকে আয়ের ৭০ শতাংশ খাবার কেনায় ব্যয় করতে হয়। দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দায়ী নন। বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েকজন আমদানিকারকের হাতে। মিজানুর রহমান বলেন, রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে নাগরিকের খাদ্যের ব্যবস্থা করা। তিনি প্রশ্ন রেখে বলেন, খাদ্য উদ্বৃত্ত থাকার পরও মানুষ কেন না খেয়ে থাকবে? কেন মানুষকে ভোগান্তিতে পড়তে হবে? সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম জলবায়ু পরিবর্তনের চিন্তা বিবেচনায় রেখে স্থায়িত্বশীল কৃষি উ ৎ পাদনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞান ব্যবহারের মাধ্যমে সীমিত সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী বলেন, কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে সরকার কৃষি উন্নয়ন ও বাজারমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে পারে। বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ও কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল মজুমদার বলেন, বীজ সংরক্ষণ থেকে শুরু করে কৃষিতে নারীর অনেক ভূমিকা রয়েছে, কিন্তু এ ভূমিকা কোথাও স্বীকৃতি পাচ্ছে না।