বাজার ফরমালিনমুক্ত রাখতে আদালত পরিচালনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যানজট নিরসন ও বাজার ফরমালিনমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই দাবি জানানো হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন বাজারে মৌসুমি ফল, মাছ ও মাংসে ফরমালিন মেশানো হচ্ছে। যানজটে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। এ ছাড়া অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব সমস্যা নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে অনুরোধ জানানো হয় সভায়।
থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বলেন, যানজট নিরসনে অল্প সময়ের মধ্যেই পরিবহন নেতা ও বাজার কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা ফলপ্রসূ না হলে আইন প্রয়োগ করে যানজট নিরসন করা হবে।
ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ফরমালিন পরীক্ষার যন্ত্রপাতি না থাকায় এ মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে জরুরি ভিত্তিতে ফরমালিন পরীক্ষা করার যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে। যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম, মালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ।