বাজার ফিরে পেলেন বৈধ ইজারাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বরিশাল সিটি করপোরেশনের বহুমুখী পাইকারি কাঁচা বাজার ফিরে পেয়েছেন বৈধ ইজারাদার মো. জিলানী চৌধুরী। গতকাল রোববার তাঁকে বাজার বুঝিয়ে দেওয়া হয়েছে।
বহুমুখী পাইকারি কাঁচা বাজারটি পয়লা বৈশাখ থেকে এক বছরের জন্য জিলানী চৌধুরীর নামে ইজারা দেওয়া হয়। ইজারার মূল্য পরিশোধ করে সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি হলেও তিনি খাজনা তুলতে পারছিলেন না। এ ব্যাপারে অবৈধ দখলদারের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনো লাভ হয়নি।
বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন ওরফে টুটুল শুরু থেকে ওই বাজার থেকে অবৈধভাবে খাজনা তুলে আসছিলেন। কেন্দ্রীয় যুবলীগের নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি প্রভাব খাটিয়ে ওই বাজারের খাজনা তুলতেন।
এ ব্যাপারে গত শনিবার ‘কার খাজনা কে তোলে!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপরই নীরব হোসেন ও বৈধ ইজারাদার জিলানী চৌধুরীকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেন যুবলীগের নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সেখানে জিলানীকে বাজার বুঝিয়ে দেওয়া হয়।