বাজার ভরা গরু, বিক্রি কম

বাজারভর্তি গরু। কালো গরু, লাল গরু। চিকন গরু, মোটা গরু। আছে ১২ লাখ টাকার গরু। আর এই গরুগুলোই মাতিয়ে রেখেছে পুরো হাট। লোকজন আসছেন। মহা উৎসাহ নিয়ে গরু দেখছেন। তবে বিক্রি কম। কেউ কিনলে লোকজন হুমড়ি খেয়ে পড়ছেন দাম জানতে।
গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার সবচেয়ে বড় এবং একমাত্র স্থায়ী গরুর হাট গাবতলীতে ঘুরে এই দৃশ্য চোখে পড়ল। বিক্রেতারা বলছেন, বাজারে গরুর অভাব নেই। তবে ঢাকার লোকজন কয়েক দিন গরু দেখলেও মূলত কেনেন ঈদের আগের দুই দিন। কাজেই রবি ও সোমবার সবচেয়ে বেশি পশু বিক্রি হবে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, গড়ে ৫০ হাজার থেকে ১০-১২ লাখ টাকার গরু আছে এবারের হাটে।
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ২২টি গরু নিয়ে গাবতলী এসেছেন দুলাল হোসেন। একেকটি গরুর দাম চাইছেন ৩ থেকে ৫ লাখ টাকা। কালোর মধ্যে সাদা ছোপ এমন দুটি বড় গরুর একেকটি দাম চাইছেন ১২ লাখ টাকা। বিক্রি হয়েছে কি না জানতে চাইলে বললেন, ইতিমধ্যে দুটি গরু বিক্রি করেছেন ১১ লাখ টাকায়।
কুষ্টিয়া থেকে হামযা ইসলাম এসেছেন সাতটি গরু নিয়ে। একেকটির দাম চাইছেন সাড়ে ৬ লাখ টাকা। জানালেন, এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারেননি। তবে লোকজন আসছেন। দামদর করছেন। কাজেই বিক্রি হবে বলে তিনি আশাবাদী।
গাবতলী হাটে প্রচুর লোকজন দেখা গেল, যাঁরা বড় গরুগুলো দেখছেন। ছবি তুলছেন। ঈগল অ্যাগ্রো ফার্মের সামনে বিশাল একটি কালো গরুর সামনে কয়েকজনকে সেলফি তুলতেও দেখা গেল।
মোহাম্মদপুর থেকে গরু দেখতে এসেছিলেন রেজাউল ইসলাম। তিনি জানালেন, ছেলেকে নিয়ে এসেছেন বাজার যাচাই করতে। তবে কিনবেন রোববার। বাজারে কেমন গরু দেখছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘গরুর তো শেষ নেই। তবে বিক্রেতারা বেশি বেশি দাম চাইছে।’
গাবতলী হাট থেকে মধ্যবয়সী এক লোক মাঝারি আকারের একটি গরু কিনে বের হচ্ছিলেন। নাম জানালেন এমদাদুল ইসলাম। গরুর দাম কত নিয়েছে জানতে চাইলে বললেন, বিক্রেতা দাম চাইছিল ১ লাখ টাকা। শেষ পর্যন্ত ৮২ হাজার টাকায় কিনেছেন। কেবল গরুই নয়, গাবতলী হাটে ছাগলও বিক্রি হচ্ছে। বশিরউল্লাহ নামে এক ব্যবসায়ী জানালেন, সাড়ে ১৭ হাজার টাকায় তিনি একটি খাসি কিনেছেন।
গাবতলী হাটকে কেন্দ্র করে র্যাব-পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা চোখে পড়েছে। ওয়াচ টাওয়ার দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজর রাখছেন।
গাবতলী হাটের হাসিলঘরে কাজ করছিলেন জাহিদুল ইসলাম। তিনি জানালেন, গত কয়েক দিন ধরেই হাটে প্রচুর গরু আসছে। শুক্রবার দুপুরের পর গরুভর্তি ৬০-৭০টি ট্রাক এসেছে। সেই তুলনায় বিক্রি কম। আশা করছেন, দু-এক দিনের মধ্যেই বিক্রি জমে উঠবে।
গাবতলী গরুর হাটের ইজারাদার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, হটের অর্ধেক ইতিমধ্যেই গরুতে ভরে গেছে। কিন্তু পাটুরিয়াতে ফেরির সমস্যার কারণে এখনো অনেক গরু আসতে পারছে না।
গাবতলী ছাড়াও রাজধানীর উত্তরে ৯টি এবং দক্ষিণে ১৪টি হাট বসেছে। তবে এগুলো সবই অস্থায়ী হাট। এসব হাটেও এখন প্রচুর গরু। বিক্রেতারা বলছেন, বাজারে গরুর কোনো অভাব এবার হবে না। তবে দাম কেমন হয় সেটা নির্ভর করবে শেষ তিন দিনের ওপর।