বাজার ভরা মৌসুমি ফল, ফলন ভালো, দামও নাগালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে আসতে শুরু করেছে আম, লিচুসহ নানা মৌসুমি ফল৷ ছবিটি গতকাল বিকেলে রাজধানীর হাতিরপুল বাজার থেকে তোলা l প্রথম আলো
বাজারে আসতে শুরু করেছে আম, লিচুসহ নানা মৌসুমি ফল৷ ছবিটি গতকাল বিকেলে রাজধানীর হাতিরপুল বাজার থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর ফলের দোকানগুলো এখন ভরে উঠেছে গ্রীষ্মের সুস্বাদু ফলে। জ্যৈষ্ঠ মাস পড়েছে। আম, জাম, লিচু, জামরুলসহ মৌসুমি ফলগুলো পরিপক্ব হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব ফল ঢাকার ফলের আড়তে আসে। সেখান থেকে খুচরা বিক্রেতার হাত হয়ে আসছে ক্রেতার নাগালে।
আম, লিচু এখন পাড়া-মহল্লার মোড়েও বিক্রি হচ্ছে। ভ্রাম্যমাণ বিক্রেতারা ফলের ঝুড়ি সাজিয়ে বসেছেন। বিক্রেতাদের দাবি, ফলে ফরমালিন নেই। আর এবার উৎপাদনও ভালো, তাই দামও গতবারের তুলনায় বাড়েনি।
রাজধানীর প্রধান ফলের পাইকারি বাজার পুরান ঢাকার বাদামতলী এবং পুরানা পল্টন, শান্তিনগর, মালিবাগ, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজারে গত মঙ্গলবার গিয়ে দেখা গেল, ঈশ্বরদীর দেশি ও বোম্বাই জাতের লিচুতেই বাজার ভরা। বিক্রেতারা জানালেন, ঢাকার বাজারে প্রথম আসে সোনারগাঁয়ের লিচু। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ থেকেই আকারে ছোট এবং একটু টক স্বাদের আগাম জাতের এই লিচু এখন বাজার থেকে প্রায় উঠে গেছে। এখন আসছে ঈশ্বরদীর লিচু। পাবনার ঈশ্বরদী দেশের লিচু উৎপাদনের অন্যতম প্রধান এলাকা। এখানে দেশি ও বোম্বাই জাতের লিচুর চাষ হয়।
বাদামতলীর মেসার্স মা এন্টারপ্রাইজের মহাজন হাসান ব্যাপারী জানালেন, এখন প্রতিদিন বাদামতলীতে ৮ থেকে ১০ ট্রাক লিচু আসছে। পাইকারিতে প্রতি হাজার দেশি লিচু বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা। দেশি লিচুর রং লাল-সবুজ মেশানো। বোম্বাই লিচু টকটকে লাল। এর পাইকারি দাম প্রতি হাজার ১৮০০ থেকে ২০০০ টাকা। দিনাজপুরে চাষ হয় চায়না-১, ২, ৩; মোজাফফরপুরি এবং বেদানা লিচু। এসব লিচু আসে জ্যৈষ্ঠের দ্বিতীয় সপ্তাহে। দুই সপ্তাহের মতো বাজারে থাকে। এ সময় ঈশ্বরদীর দেশি লিচু উঠে যায়। বোম্বাই লিচু থাকে। সব মিলিয়ে লিচুর বাজার থাকে বৈশাখের শেষ সপ্তাহ থেকে জ্যৈষ্ঠের শেষ সপ্তাহ পর্যন্ত; এক মাস।
মালিবাগের খুচরা বিক্রেতা ফারুক হোসেন জানালেন, ঈশ্বরদীর ১০০টি লিচু মানভেদে ২২০ থেকে ২৬০ টাকা বিক্রি হচ্ছে। তবে দু-একটি দোকানে দিনাজপুরের আগাম জাতের চায়না-১ এবং সোনারগাঁয়ের চায়না-১ জাতের লিচু আছে। এর ১০০ লিচুর দাম হাঁকা হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। তবে বিক্রেতারা বললেন, আর দু-চার দিনের মধ্যেই ঈশ্বরদী ও দিনাজপুরে ব্যাপকভাবে লিচুর বাগান ভাঙা শুরু হবে। এবার ফলন বেশ ভালো হয়েছে। তাই দামও নেমে আসবে।
বাজারে আম আছে এখন সাতক্ষীরার। বাদামতলীর নিউ বন্ধু এন্টারপ্রাইজের আমের মহাজন আকাশ আহমেদ জানালেন, বরাবরই সাতক্ষীরার আমই প্রথম রাজধানীর বাজারে আসে। এর মধ্যে সবচেয়ে আগে এসেছে গোবিন্দভোগ। এই আমগুলো আকারে বড়, পুরো আমের রং সোনালি-হলুদ। সেরা গোবিন্দভোগ পাইকারিতে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। একটু ছোট আকারেরগুলো ৭০ থেকে ৮০ টাকা। সাতক্ষীরার হিমসাগর তেমন সরেস জাতের নয়। এর পাইকারি দাম ৩৫ থেকে ৪৫ টাকা কেজি। সে তুলনায় ল্যাংড়া আকারে ছোট হলেও স্বাদে ভালো। ল্যাংড়ার দাম ৪৫ থেকে ৫০ টাকা কেজি। গুটি আম আছে অনেক রকমের। এগুলোর পাইকারি দাম ৩০ থেকে ৩৫ টাকা। এই মহাজন জানালেন, মেহেরপুর, কুষ্টিয়া, বাঘা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় আম বাজারে আসতে জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ পেরিয়ে যাবে।
রাজশাহী এলাকায় ঝড়ে আমের কিছু ক্ষতি হলেও সারা দেশে এবার আমের প্রচুর ফলন হয়েছে। তাই ফলের মৌসুমের শুরুতেই এবার আমের দাম গত বছরের চেয়ে একটু কম। বাজার সহনশীল থাকবে। মেহেরপুর-রাজশাহী অঞ্চল থেকে আম আসা শুরু হলে খুচরা বাজারে দাম আরও নেমে আসবে। এখন আর ফলে ফরমালিন দেওয়া হয় না। তাই নিরাপদেই ক্রেতারা ফলের স্বাদ নিতে পাবেন বলে জোর দিয়েই বললেন ফলের এই মহাজন।
নয়াপল্টনের হাউজ বিল্ডিং ভবনের সামনে ফলের বেশ বড় খুচরা বাজার। এই বাজারের বিক্রেতা আলমগীর হোসেন জানালেন, গোবিন্দভোগ ১২০ থেকে ১৩০ টাকা, হিমসাগর ১০০ থেকে ১২০ টাকা, ল্যাংড়া ১২০ টাকা এবং থাইল্যান্ডের আলফানসো জাতের আম বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি।
পাড়া-মহল্লার ভ্রাম্যমাণ ফলের দোকানে আম-লিচু ছাড়াও পাওয়া যাচ্ছে জাম, জামরুল, আনারস, পেয়ারা, অড়বরইসহ হরেক রকম মৌসুমি ফল। শান্তিনগর বাজারে খুচরা বিক্রেতা রিয়াজুল ইসলাম জানালেন, জাম সবে উঠতে শুরু করেছে, দাম ১৮০ থেকে ২০০ টাকা কেজি, জামরুলের কেজি মানভেদে ৪০ থেকে ৬০ টাকা। পাহাড়ি এলাকার ছোট আকৃতির আনারস প্রতিটি বিক্রি হচ্ছে আকারভেদে ১০ থেকে ১৫ টাকায়।
বিক্রেতারা জানালেন, কাঁঠাল বাজারে আসবে মূলত জ্যৈষ্ঠের মাঝামাঝি। থাকবে সেই কোরবানির ঈদ অবধি। এখন আগাম জাতের অল্প কিছু কাঁঠাল আসছে। আকারভেদে এর দাম ১০০ থেকে ১৫০ টাকা।