বাজার ভরা শীতের পোশাক
রাজধানীতে শীত এখনো জেঁকে বসেনি, তবে শীতের আমেজ পাওয়া যাচ্ছে পুরোপুরি। সকাল-সন্ধ্যায় হিমেল হাওয়া গায়ে লাগতে শুরু করেছে। ফুটপাত থেকে আধুনিক বিপণিবিতানগুলোয় শীতের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। বিক্রিবাট্টাও জমে উঠেছে বেশ।
রাজধানীর নিউমার্কেট, বঙ্গবাজার, মিরপুর ১ নম্বরের বিপণিবিতানগুলো এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাল ফ্যাশনের শীতবস্ত্রের সমাহার ঘটিয়েছেন ব্যবসায়ীরা। ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীদের কথা মাথায় রেখেই দোকান সাজিয়েছেন তাঁরা। ফুটপাতেও দেদার বিক্রি হচ্ছে শীতবস্ত্র। ব্র্যান্ডের দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে শীতের পোশাক।
ছেলেদের শীতের পোশাকে হিসেবে এবার কোটি চলছে বেশি। হালকা শীতে আরামদায়ক এবং যেকোনো অনুষ্ঠানে পরার উপযোগী এসব কোটি তরুণদের প্রধান আকর্ষণ। ছেলেদের পোশাকের দোকানগুলোর দেয়ালে ঝুলতে দেখা যায় নানান ধাঁচের কোটি। নিউমার্কেটের আলোড়ন ফ্যাশনের মো. হানিফ হোসেন বলেন, এবার পুরো মার্কেটে কোটির বিক্রি বেশি। দেশি ও বিদেশি দুই রকমের কোটি আছে। দেশিগুলোর ফিনিশিং মোটামুটি, দামও কিছুটা কম। বিদেশিগুলোর দাম তুলনামূলক বেশি। নকশা, কাপড় ও মানভেদে কোটির দামে আছে পার্থক্য। নিউমার্কেট, মিরপুর ১ নম্বরের দোকানগুলোয় পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকায়। তবে ব্র্যান্ডের দোকানগুলোয় দাম তুলনামূলক বেশি।
এ ছাড়া ছেলেদের শীতের পোশাকের মধ্যে আছে নানা ধরনের সোয়েটার। গোল গলা, ভি গলা, চিকন কলারের এসব সোয়েটারে থাকছে বিভিন্ন ধরনের ডিজাইন। সামনের দিকে চেইন বা বোতাম আছে কিছু পোশাকে। নানা রঙের জ্যাকেটে খুঁজে পাওয়া যাবে বৈচিত্র্য। চামড়া, রেকসিন অথবা উলের তৈরি এসব জ্যাকেট। ডেনিম বা গ্যাবার্ডিন কাপড়ের ব্লেজারও আছে। আছে সামনে চেইন টানা নানা ধরনের সুপার হিরো বা কার্টুন আঁকা পোশাকও।
শীতের পোশাক হিসেবে রাজধানীর তরুণীদের পছন্দ লম্বা ঝুলের পাতলা সোয়েটার। বদরুদ্দোজা সুপার মার্কেটের নিচতলায় কেনাকাটা করছিলেন সুমাইয়া আকতার। তিনি বললেন, অল্প শীতে এ ধরনের পাতলা সোয়েটার আরামদায়ক। এসব সোয়েটার জিনস ছাড়াও সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়। এগুলোর দাম দেড় শ থেকে ছয় শ টাকার মধ্যে।
এ ছাড়া উলের কার্ডিগান, ফুল ও কোয়ার্টার হাতার ক্যাজুয়াল ব্লেজার, সোয়েটার, ট্রাউজার, কোটসহ নানা ধরনের পোশাক কিনছেন তরুণীরা। কম বয়সী মেয়েরা কোমরে বেল্ট রয়েছে এমন লম্বা কোট বা সোয়েটারের প্রতি বেশি আগ্রহী।