যশোরের অনেক মানুষ ঈদের কেনাকাটা সারতে এবার ছুটছেন কলকাতায়। এ জন্য বেনাপোল সীমান্তে ভিড় বেড়েছে। প্রতিদিন গড়ে ৮ হাজার মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করছেন। যে কারণে এবার ঈদে যশোরের ব্যবসায়ীদের কেনাবেচায় অনেকটা মন্দাভাব যাচ্ছে।
ঈদে যা বেচাকেনা হচ্ছে তার মধ্যে প্রায় সবই ভারতীয় পণ্য। যশোরের বাজারে প্রায় সব শো রুম ভারতীয় পণ্যে ঠাসা। মানুষের মধ্যে দেশীয় পণ্যের চেয়ে ভারতীয় পণ্যের চাহিদা বেশি। যে কারণে ব্যবসায়ীরা মেয়েদের জন্য ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ছেলেদের জন্য পাঞ্জাবি তুলেছেন। ভারতীয় পণ্যের কাছে ঐতিহ্যবাহী যশোর স্টিচের (নকশি) শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবি এবার বাজারে তেমন জায়গা পায়নি।
এবার ঈদ উপলক্ষে কলকাতায় কতসংখ্যক মানুষ যাতায়াত করছেন—এমন প্রশ্নের উত্তরে বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ প্রথম আলোকে বলেন, বেনাপোল চেকপোস্ট (তল্লাশিচৌকি) দিয়ে প্রতিদিন গড়ে ৮ হাজার মানুষ ভারত-বাংলাদেশ যাতায়াত করছেন। যশোরে ভিসা অফিস হওয়া ও ই-টোকেন পাওয়া সহজ হওয়ায় ভারত-বাংলাদেশে যাতায়াত এখন সহজ হয়েছে। এ কারণে মানুষের ভারতে যাতায়াত বেড়েছে। এর আগে ৫ থেকে ৬ হাজার মানুষ যাতায়াত করতেন। কেনাকাটার জন্য ঈদের মাসখানেক আগে থেকে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ভারত থেকে ফেরার পথে যাত্রীদের ব্যাগ ঈদ কেনাকাটার পণ্যে ঠাসা থাকছে।
গত কয়েক দিন যশোরের ঈদের বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্যের সত্যতা মিলেছে। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদের বাজারে ক্রেতাদের সমাগম অনেকটা কম। দোকানে কেনাবেচাও কিছুটা কমেছে। বিশেষ করে শাড়ি, তৈরি পোশাক, জুতা-স্যান্ডেল ও প্রসাধনের দোকানে ক্রেতাদের ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে। তবে ঈদের শেষদিকে ভিড় অনেকটা বেড়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের মতি শপিং মলের জ্যানথিম বিজনেস পয়েন্টের স্বত্বাধিকারী মো. আবু সাঈদ চঞ্চল বলেন, ভারতে যাওয়ার ভিসা সহজ হওয়ার কারণে এবারের ঈদে মানুষ কেনাকাটার জন্য কলকাতামুখী হয়েছেন। যে কারণে গত ঈদের তুলনায় এবার ঈদে তৈরি পোশাক ৩০ শতাংশ কম বেচাকেনা হচ্ছে।
যশোর শহরের অভিজাত সিটি প্লাজা মার্কেটের ফ্যাশান টু ডে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারুক রায়হান বলেন, যাতায়াত সহজ ও পণ্যের চোখধাঁধানো নকশার কারণে মানুষ কেনাকাটার জন্য কলকাতায় ছুটছেন। এতে এবার ব্যবসা-বাণিজ্যে বেশ প্রভাব পড়েছে। বেচাবিক্রি কিছুটা কমেছে।
কলকাতা থেকে পরিবারের জন্য ঈদের কেনাকাটা সেরে ফিরেছেন এমন একজন শহরের ঘোপ এলাকার বাসিন্দা কাজী নূর বলেন, ‘সপ্তাহখানেক আগে কলকাতায় গিয়ে পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করেছি।’ কলকাতায় কেনাকাটা কেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার স্ত্রীর জন্য যে থ্রি-পিস কলকাতা থেকে ১ হাজার ৮০০ টাকায় কিনেছি, সেই একই থ্রি-পিস যশোরের বাজারে ৪ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। যশোরের শোরুমে জুতা-স্যান্ডেলের দাম অনেক চড়া। যশোর শহরের ব্যবসায়ীরা পণ্যের গায়ে ইচ্ছেমতো দাম লিখে ক্রেতাদের ঠকিয়ে আসছেন। যে কারণে আমরা এখন কলকাতায় গিয়ে কম দামে ভালো মানের পণ্য কিনে এক দিন পরেই স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে পারছি। তা ছাড়া যশোরের মানুষের জন্য ঢাকায় যাতায়াতের চেয়ে কলকাতায় যাতায়াত সহজ ও সুলভ।’
যশোর শহরের বাসিন্দা সাংবাদিক সাজেদ রহমান বলেন, ‘যশোরের মানুষের কেনাকাটার জন্য এখন কলকাতাই ভালো। এবার ঈদে কলকাতা থেকে ছেলে, মেয়ে ও স্ত্রীর জন্য কেনাকাটা করেছি। যশোরের বাজারে ব্র্যান্ডের পণ্যের দাম অনেক বেশি, যা কলকাতার বড় বাজার থেকে অনেক কম দামে কেনা যায়।’
ক্রেতাদের এমন মতামত মানতে চান না যশোরের ব্যবসায়ীরা। এ ব্যাপারে জানতে চাইলে জ্যানথিক বিজনেস পয়েন্টের স্বত্বাধিকারী আবু সাঈদ চঞ্চল বলেন, ‘কলকাতায় পণ্যের দাম কিছুটা কম হলেও সেখানে গিয়ে এক রাত থাকা, যাতায়াত খরচ ও নিজের দুই দিনের শ্রমের দাম হিসাব করলে কলকাতার পণ্যের দাম বরং বেশিই পড়ে। তা ছাড়া কলকাতা থেকে পণ্য কেনার পর ছোট-বড় হলে তাৎক্ষণিক সেটি বদলানোর সুযোগ থাকে না।’ অনেকটা হুজুগে মানুষ এ বছর কলকাতায় গিয়ে কেনাকাটা করলেও দু-এক বছর পর এ অবস্থা আর থাকবে না বলে তিনি আশা করেন।