বাজার মনিটরিং শুরু কক্সবাজারে ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে চড়ামূল্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনে পাঠানো মূল্যতালিকা অনুযায়ী পেঁয়াজের খুচরামূল্য প্রতি কেজি ১৪ টাকা। অথচ কক্সবাজারের খুচরা বাজারগুলোতে গতকাল রোববার পেঁয়াজ বিক্রি হয়েছে ১০ টাকা বেশি দরে অর্থাৎ ২৪ টাকায়। এ ছাড়া প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকায়, যা হওয়ার কথা ৬৭ টাকা। ছোলার দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকায়।কক্সবাজারে প্রায় প্রতিটি হাটবাজারে রোজার নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌক্তিক দামের চেয়ে ১০ থেকে ২৫ টাকা বেশি দরে। বাজার মনিটরিং কার্যক্রম শুরুর প্রথম দিন গতকাল সংশ্লিষ্ট কর্মকর্তা পণ্যের এমন দামের তারতম্য দেখে হতবাক হলেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. খোন্দকার জহিরুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের কক্সবাজার জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শাহাজাহান, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহামঞ্চদ শাহজাহান প্রমুখ।বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক এডিসি (শিক্ষা) মো. খোন্দকার জহিরুল ইসলাম বলেন, বাজার মনিটরিংয়ে গিয়ে প্রথম দিনই নিত্যপণ্যের দামের মধ্যে ব্যাপক তারতম্য ধরা পড়েছে। তবে প্রথম দিন হিসেবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এর পর দামের অসংগতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, বাজারে যার যেমন ইচ্ছা পণ্য বেচাবিক্রি করছে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই বাজার মনিটরিং অব্যাহত থাকলে দাম নিয়ন্ত্রণ সম্ভব।প্রতি কেজি ভোগ্যপণ্যে অতিরিক্ত ১০ থেকে ২৫ টাকা বেশি আদায় প্রসঙ্গে জানতে চাইলে শহরের বড় বাজারের পাইকারি ব্যবসায়ী ও কাশেম স্টোরের মালিক আবুল কাশেম বলেন, ‘চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরাই সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না। আমরা কীভাবে সেই দামে বিক্রি করব? খাতুনগঞ্জ থেকে আমরা পেঁয়াজ কিনেছি কেজি ১৮ টাকায়। আমরা কক্সবাজারে এনে সেই পেঁয়াজ বিক্রি করছি ২৪ টাকায়।’গতকাল শহরের একাধিক বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায়, আমদানি করা পেঁয়াজ ২৪ টাকা, ছোলা ৮০ থেকে ৯৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১৩০ টাকা, মসুর ডাল মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, রসুন ৯০ থেকে ১০০ টাকা এবং আদা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, দামের অসংগতি দূর করার ব্যাপারে বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে, যাতে ক্রেতারা হয়রানির শিকার না হয়।