বাজার রক্ষা বাঁধে মরছে হাজার ঘেরের চিংড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় বাঁশতলা বাজারের ভাঙন ঠেকাতে দিন ১৫ আগে একটি খালে বাঁধ দেওয়া হয়। এতে বাজারের ৪০-৫০টি দোকান রক্ষা পেয়েছে ঠিকই, কিন্তু জলাবদ্ধ হয়ে পড়েছে উপজেলার ১৫টি গ্রামের ১০ হাজার একর জমি। পানির প্রবাহ না থাকায় গ্রামগুলোয় এক হাজার ঘেরের সব কটিতেই কম-বেশি চিংড়ি মরছে। এতে পাঁচ হাজার চিংড়িচাষি-পরিবার দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মংলার পশুর নদ থেকে প্রবহমান ‘চিলা খাল’ তিনটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা পুটিমারী খাল নামে বাঁশতলা বাজারের পাশ দিয়ে গোলেরডাঙ্গা, বুড়বুড়িয়া, মধ্য হলদিবুনিয়া, দিয়ারখণ্ড, বসুরখণ্ড, সাতঘরিয়াসহ ১৫টি গ্রামের ওপর দিয়ে প্রাহমান ছিল। কিন্তু সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজার রক্ষায় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে পুটিমারী খালে এ মাসের প্রথম সপ্তাহে বাঁধটি দেওয়া হয়। এতে চিলা, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ১০ হাজার একর আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। জোয়ারের সময় চিংড়িঘেরে লোনা পানি ঢোকে। ভাটায় সেই পানি নেমে যায়। কিন্তু খালে বাঁধ দেওয়ায় পানির সেই প্রবাহ এখন আর নেই। এতে হাজারখানেক ঘেরের চিংড়ি মরতে বসেছে। সুন্দরবন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সমর বিশ্বাস (৫০) বলেন, বর্তমান সরকার যখন সব প্রবহমান নদী, খাল ও জলাধারগুলো উন্মুক্ত ও পুনঃখননের চেষ্টা করছে, তখন সামান্য কয়েকটি দোকানঘর রক্ষা করতে খালে বাঁধ দেওয়া হয়েছে। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। বাঁশতলা বাজার কমিটির সভাপতি আফজাল মুসাল্লি (৫০) জানান, বাজারের ১০-১৫ বিঘা জমি ছিল। পুটিমারী খালের ভাঙনের কারণে এক বিঘাও এখন নেই। ভাঙতে ভাঙতে ৫০টি দোকানঘর বিলীন হয়ে গেছে। এখন ৪০-৫০টি অবশিষ্ট আছে। ২০০৮ সালে বাজার রক্ষায় সরকার সাড়ে সাত লাখ টাকার পাইলিংয়ের কাজ করায়। তাতেও ভাঙন ঠেকানো যায়নি। পরে উপজেলা প্রশাসনের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে পুটিমারী খালে এ বাঁধ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘বাঁধ দেওয়ায় এমন ক্ষতি হবে, তা আমরা আগে বুঝতে পারিনি।’মংলা চিংড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার ঘের-মালিকেরা জানিয়েছেন, তাঁদের চিংড়ি ব্যাপক হারে মারা যাচ্ছে। ওই অঞ্চল থেকে প্রতিদিন আমরা ৪০-৫০ মণ চিংড়ি পেতাম। কিন্তু এক সপ্তাহ ধরে দশ মণও পাইনি।’সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রবহমান খালে বাঁধ দেওয়া প্রসঙ্গে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালনকারী মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে এ খালে বাঁধ দেওয়া হয়েছে। তবে জনগণের ক্ষতি হলে এবং পার্শ্ববর্তী খাল দিয়ে পানি সরবরাহ না হলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, বাজারের দোকান, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও মাঠ রক্ষার্থে বাঁধ দেওয়া হয়েছে। সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হলেও ১৫ দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে।